বন্যায় নীলফামারী, পাবনা, গাইবান্ধা, শেরপুর ও গোপালগঞ্জের নতুন এলাকা প্লাবিত
ভারী বর্ষণ ও সীমান্তবর্তী পাহাড়ি ঢলে সৃষ্ট ব্যাপক বন্যায় নীলফামারী, গোপালগঞ্জ, গাইবান্ধা, শেরপুর ও পাবনাসহ দেশের অনেক এলাকায় নতুন এলাকা প্লাবিত হওয়ার মধ্য দিয়ে সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের (এফএফডব্লিউসি) জানায়, আগামী দুতিন দিন ভারি বর্ষণ অব্যাহত থাকলে নারায়ণগঞ্জের নিচু এলকাসমূহ প্লাবিত হতে পারে।
এদিকে ভারি বর্ষণের কারণে মেঘনা অববাহিকা সংলগ্ন সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার বন্যা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
ব্রহ্মপুত্র ও গঙ্গা অববাহিকার সকল নদ নদীর পানি বৃদ্ধি পেলেও এখনও তা বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গঙ্গা ও পদ্মার সকল পয়েন্টে পানির উচ্চতা বৃৃদ্ধি পেয়েছে এবং মেঘনা অববাহিকার বেশিরভাগ নদ নদীর পানিও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
তবে দক্ষিণ পূর্বাঞ্চলীয় পাহাড়ি এলাকার নদ নদীর পানির স্তর কমেছে।
বিভিন্ন পয়েন্টের প্রাপ্ত তথ্যে জানা যায়, ৬০টি পয়েন্টে পানির উচ্চতা আগের চেয়ে বেড়েছে, কমেছে ১৪টি পয়েন্টে, অপরিবর্তিত রয়েছে একটি পয়েন্টে এবং বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিনটি পয়েন্টে।
যাদুখাতার লোরেরগড় পয়েন্টে ৩১০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে এবং বুধবার সকাল পর্যন্ত এখানে বিপদসীমার ১৫৯ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
এদিকে সোমেশ্বরী নদীর দূর্গাপুর পয়েন্টে ২৫০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে এবং এখানে বিপদ সীমার ১২৫ সেমি ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অন্যদিকে, কংশ নদীর জারিয়াজানজাইল পয়েন্টে পানি ৮৭ সেমি বৃদ্ধি পেয়েছে এবং তা বিপদ সীমার ৩৮ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা, বালু, বুড়িগঙ্গা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
বিডিনিউজের গাইবান্ধা প্রতিনিধি জানান, উজান থেকে নেমে আসা ঢল ও অবিরাম বর্ষণে ব্রহ্মপুত্র, করতোয়া ও ঘাঘট নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গাইবান্ধার ২০টি এলাকা নতুন করে বন্যা প্লাবিত হয়েছে।
বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত এলকাসমূহ হচ্ছে, সদর উপজেলার চিথলিয়া, গোপালপুর, কামারজানীর নতুন বন্দর, চিড়াকুঠি, ফুলছড়ি উপজেলার পশ্চিম গজারিয়া, ফজলুপুর, এরেন্ডাবাড়ি, সাঘাটার বেড়াগ্রাম, গোবিন্দপুর, নলচিড়া, চিনিরপট, চরগুয়াবাড়ী, সুন্দরগঞ্জের ভাটিকাপাসিয়া ও গোবিন্দগঞ্জ উপজেলার নাওভাঙ্গা, ফতেউল্যাপুর, সোহাগী, উত্তর ধর্মপুর, জগন্নাথপুর, চাঁদপুর, সিংগা গ্রাম।
বিডিনিউজ’র নীলফামারী প্রতিনিধি জানান, জেলার নিচু এলাকা থেকে বন্যার পানি নেমে যেতে শুরু করলেও বুড়িতিস্তা, চাড়ালকাটা, বুড়িখোড়া, ধুম, কুমলাই, নাউতারা, যমুনেশ্বরী, খড়খড়িয়া, চিকলিসহ অনেক নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। শহরের নিউ বাবুপাড়া, সওদাগর পাড়া, কলেজ পাড়া, মুন্সিপাড়া, মাস্টারপাড়া, শাহীপাড়ার বেশিরভাগ এলাকা এখনও জলমগ্ন রয়েছে।
ডালিয়ায় তিস্তা বাঁধ পয়েন্টে নদীর পানি বিপদ সীমান নিচ দিয়ে প্রবাহিত হলেও তিস্তার তীব্র স্রোত আঘাত হানছে ডান তীরের বাঁধে। প্রবল পানির চাপ সামলাতে বাঁধের ৪৪টি গেটের সকল গেট খুলে দেয়া হয়েছে।
এলাকার প্রায় ১০ হাজার বন্যা কবলিত লোক তীব্র খাদ্য ও খাবার পানি সংকটে ভুগছে।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, অব্যাহত বৃষ্টির ফলে জেলার অনেক এলাকা পানির নিচে তলিয়ে গেছে। বন্যা কবলিত এলাকাসমূহ হচ্ছে, বেদগ্রাম, মিয়াপাড়া, নিচুপাড়া, বৈশাখী রোড, নবীন বাগ, মার্কাস মহল্লা, হাসপাতাল সংলগ্ন নিচু এলাকা।
এসব এলাকার মানুষের দুঃখ দুর্দশা চরম আকার ধারণ করেছে। সববেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দিনমজুররা। তারা কোনও কাজ পাচ্ছে না।
বিডিনিউজ’র শেরপুর প্রতিনিধি জানান, প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলার নিুাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পাহাড়ি নদী সোমেশ্বরী, মহারাশী, কালঘুষা, ভোগাই, চেল্লী খালি, দশ আনি ও কর্ণজোড়া নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আকস্মিক বন্যার পানিতে এ তিনটি উপজেলার বিস্তীর্ণ এলাকার রোপা আউশ, আমন বীজতলা ও সবজি বাগান ডুবে গেছে।
এদিকে পাবনা প্রতিনিধি জানান, তিন দিন ধরে টানা ভারি বর্ষণে শহরের অধিকাংশ সড়ক ও গলি এখন হাঁটু পানির নিচে। অনেক বাড়ি ঘরে পানি উঠে গেছে। মানুষজন বাড়ি থেকে বের হতে পারছে না।
স্থানীয় আবহাওয়া অফিস জেলায় ১৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।
বর্ষণের কারণে পদ্মা, যমুনা, বড়াল, চিকনাই ও গুমানী নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার বেড়া, সুজানগর, চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এছাড়া নতুন করে ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের অন্তত আড়াই হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
জেলার অধিক বন্যা কবলিত এলকাসমূহ হচ্ছে, বেড়া উপজেলার পায়না, সারসা, মধুপুর, গণপতদিয়া, রাণীগ্রাম, নাকালিয়া, চরপেঁচাখোলা, ভেড়াখোলা, খানপরা, ঢালচর, বাঙ্গালিয়া, তারুটিয়া, সুজানগর উপজেলার শাখাগঞ্জ, নাজিরগঞ্জ, সাগরকান্দি ও আলোককান্দি।
বিডিনিউজ’র কুমিল্লা প্রতিনিধি জানান, অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলে গোমতী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বুধবার গোমতী নদীর পানি আট দশমিক ৬৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার চারটি উপজেলা মুরাদনগর, দেবীদ্বার, বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
