২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর নামকরা কলেজগুলোতে ভর্তির জন্য তীব্র প্রতিযোগিতা হবে

 রাজধানীর নামকরা কলেজগুলোতে আসন সংখ্যা সীমিত হওয়ার কারণে ভর্তির জন্য তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে এসএসসি পাস করা শিক্ষার্থীদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2005, 05:50 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

এমনকি ভাল ফলাফল করা অর্থাৎ জিপিএ ৫ পাওয়া অনেক শিক্ষার্থীই আসন সংকটের কারণে রাজধানীর বিখ্যাত কলেজগুলোতে ভর্তি হতে পারবে না। শুধু রাজধানীরই নয়, এসব কলেজগুলোতে ভর্তি হতে মফস্বলের মেধাবী শিক্ষার্থীরাও ভিড় করে থাকে।

রাজধানীতে নাম করা কলেজ রয়েছে ১০ থেকে ১২টি। ঢাকার সরকারি ও বেসরকারি কলেজগুলোর আসন সংখ্যা প্রায় আট হাজার।

এ বছরের এসএসসি পরীক্ষায় দেশের নয়টি শিক্ষা বোর্ডে রেকর্ড সংখ্যক ১৭ হাজার  দুইশ’ ৭৬ জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।

এদিকে সারাদেশের কলেজগুলোয় আসন সংকটের কারণে ৬০ হাজারেরও বেশি শিক্ষার্থী কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবে।

বাংলাদেশ শিক্ষা, তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) সূত্রে জানা গেছে, দেশে দুইশ’ ৫১টি সরকারি কলেজসহ মোট দুই হাজার ছয়শ’ ৯১টি কলেজ রয়েছে।

কলেজগুলোর আসন সংখ্যা সাড়ে চার লাখের বেশি নয়। কিন্তু এ বছরে কৃতকার্য হয়েছে পাঁচ লাখ নয় হাজার শিক্ষার্থী।

ব্যানবেইসের একজন কর্মকর্তা জানান, নগরীতে মাত্র ১০ থেকে ১২টি নামকরা কলেজ রয়েছে এবং জেলা শহরগুলোতে একটি অথবা দুটি কলেজের নামডাক রয়েছে।

বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে। এই বিভাগ থেকেই সবচে’ বেশি শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।

সবগুলো শিক্ষা বোর্ডে এ বছর জিপিএ ৫ পেয়েছে ১৫ হাজার ছয়শ’ ৩১ জন। এর মধ্যে ঢাকা বোর্ডে এ সংখ্যা পাঁচ হাজার ছয়শ’ ৭২ জন।

শুধু বিজ্ঞান বিভাগ থেকেই জিপিএ ৫ পেয়েছে ১৩ হাজার নয়শ’ ৬১ জন, বাণিজ্য বিভাগে এক হাজার তিনশ’ ৮৪ এবং মানবিক বিভাগ থেকে মাত্র দুইশ’ ১৯ জন জিপিএ ৫ পেয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, এবারও বিগত দু’ বছরের মত এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কলেজ ভর্তি পদ্ধতি বহাল থাকবে।

যেসব শিক্ষার্থী বিশেষ করে বিজ্ঞান বিভাগে জিপিএ ৪ পেয়েছে অথবা জিপিএ ৫ এর নীচে অবস্থান করছে তারা রাজধানীর নামকরা কলেজগুলোতে ভর্তির সুযোগ পাবে না।

নটরডেম কলেজ, ঢাকা কলেজ, ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজ, আইডিয়াল স্কুল এন্ড কলেজ, হলিক্রস স্কুল এন্ড কলেজ, রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা সিটি কলেজ ও ঢাকা কমার্স কলেজসহ বেশ কয়েকটি নাম করা কলেজ রয়েছে।  

গত বছর ঢাকা কলেজে ফলাফলের ভিত্তিতে সাড়ে তিনশ’ জন বিজ্ঞান শাখায় এবং মানবিক ও বিজ্ঞান শাখায় দেড়শ’ জন করে - মোট সাড়ে  ছয়শ’ জন ছাত্র ভর্তি হয়।

ঢাকা কলেজের একজন কর্মকর্তা বিডিনিউজকে বলেন, এ বছর কলেজে আসন বৃদ্ধির কোনও সম্ভাবনা নেই। সেই সাথে ভর্তি পদ্ধতি পরিবর্তনেরও কোনও সুযোগ নেই।

রেসিডেন্সিয়াল মডেল কলেজ কতজন ছাত্র ভর্তি করবে, সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি। তবে এ সংখ্যা তিনশ’র বেশি হবে না।

কলেজের একজন কর্মকর্তা বলেন, ভর্তি পদ্ধতি এবং আসন সংখ্যা নির্ধারনে আমরা আগামী সপ্তাহে বসব।

তিনি আরও বলেন যে, তারা শুধু জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরই ভর্তির জন্য আহ্বান করবেন।