রিমান্ড শেষের আগেই মুদ্রা পাচারকারী রাকিবের জামিন, আদালতে চাঞ্চল্য
গ্রেফতারের দুই দিনের মধ্যে ৭৬ লাখ টাকার দেশী বিদেশী মুদ্রা পাচারের অভিযোগে আটক ইমন মানি এক্সচেঞ্চের কর্মচারী রাকিব সিদ্দিকীকে জামিন দেয়া হয়েছে। এ ঘটনায় আদালতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
১০ হাজার টাকার মুচলেকা এবং স্থানীয় এক ব্যক্তি ও এক আইনজীবীর জিম্মাদারীতে ঢাকা মহানগর হাকিম শফিক আনোয়ার বৃহস্পতিবার এ জামিন আদেশ দেন।
রাকিবকে গত মঙ্গলবার টহল পুলিশ গুলাশানের শুটিং ক্লাবের সামনে থেকে সৌদি রিয়ালসহ গ্রেফতার করে। পরে আদালতের নির্দেশে তাকে তিন দিনের রিমান্ডে নেয়া হয়।
আগামী শনিবার তার রিমান্ড শেষ হওয়ার কথা। কিন্তু এর মধ্যে বৃহস্পতিবার মহানগর হাকিম তার জামিন মঞ্জুর করেন।
রিমান্ড প্রতিবেদনে বলা হয়েছিল যে রাকিবের কাছ থেকে মুদ্রা পাচার সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে আরও অনেক তথ্য পাওয়া যেতে পারে।
এদিকে আদালত সূত্র জানায়, ধৃত রাকিবকে আদালতে পাঠানোর পুলিশ প্রতিবেদনটি ছিল অত্যন্ত সাধারণ মানের এবং মুদ্রা পাচার সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্যই ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
তাছাড়া ইমন মানি এক্সচেঞ্চের পলাতক মালিক ‘সোনা চোরাচালানকারী ও মুদ্রা পাচারকারী’ মফিজুর রহমান ওরফে মাকু মফিজের সংশ্লিষ্টতা নিয়ে পুলিশ ফরওয়ার্ডিং এ কিছুই উল্লেখ করা হয়নি বলে সূত্র জানায়।
