বর্তমান সরকারের আমলে দেশে ৮৩৬৩ টি শিল্প ইউনিট স্থাপনের জন্যে নিবন্ধন করা হয়েছে: শিল্প মন্ত্রী
বর্তমান সরকারের আমলে দেশে ৮ হাজার ৩ শ’ ৬৩ টি শিল্প ইউনিট স্থাপনের জন্যে নিবন্ধন করা হয়েছে। এর মধ্যে ছয় হাজার ৬ শ’ ৫০ টি শিল্প ইউনিট স্থাপিত হয়েছে। বেসরকারি খাতে এসব শিল্প ইউনিটে ২ শ’ ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে।
বিএনপির এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী বৃহস্পতিবার সংসদে এ কথা বলেন। শিল্পমন্ত্রী আরও জানান, বিগত সরকারের আমলে বেসরকারি খাতে বিনিয়োগ হয়েছে মাত্র ১ শ’ ৩৬ কোটি টাকা।
সুলতান মাহমুদ বাবুর এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী জানান, দেশে কৃষি উৎপাদনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ফসফেট সারের চাহিদা পূরণ করতে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানায় দুটি ডাই এ্যামোনিয়াম ফসফেট কারখানা স্থাপন করা হচ্ছে। চীন ও জাপান এতে কারিগরি সহায়তা দিচ্ছে।
মিজানুর রহমান চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, দেশের বিভিন্ন বিসিক শিল্প নগরীতে উদ্যোক্তাদের মধ্যে সরকার প্রায় এক হাজার ২শ’ ২৩ টি শিল্প প্লট বরাদ্দ করেছে। একই সময়ে দেশে ৭৬ হাজার ৬শ’ ৮৭ টি ক্ষুদ্র ও কুটির শিল্প ইউনিট স্থাপিত হয়েছে।
আবদুর মোত্তালিব আকন্দের এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী জানান, দেশে বর্তমানে দুটি সাইকেল তৈরির কারখানা আছে। রপ্তানিমুখি কারখানা দুটি থেকে বছরে সাত লাখ সাইকেল উৎপাদন হয়। যার মধ্যে ১০ ভাগ অভ্যন্তরীণ বাজারে বিক্রি হয়।
