২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিন্টুর মামলায় প্রথম আলো ও জনকণ্ঠ সম্পাদকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিএনপি’র সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুর দায়ের করা পৃথক দুটি মানহানির মামলায় দৈনিক প্রথম আলো ও জনকণ্ঠের সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 06:29 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

সেই সাথে প্রথম আলোর প্রকাশক ও জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে সমন আদেশ হয়েছে।

পুরনো ঢাকার যুবদল নেতা সাগীর হত্যাকান্ড নিয়ে পিন্টু ও তার ভাই মনিরকে জড়িয়ে ওই দুটি পত্রিকায় প্রকাশিত সংবাদে ক্ষুব্ধ হয়ে ঢাকা-৮ এর সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টু ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে বৃহস্পতিবার মামলা দুটি দায়ের করেন।

মহানগর হাকিম এ জে এম আবদুল্লাহ হেল বাকি বাদির বক্তব্য শুনে এ আদেশ দেন।

দৈনিক প্রথম আলো ও জনকণ্ঠের বিরুদ্ধে মামলার আরজিতে পিন্টু অভিযোগ করেন, যুবদল নেতা সাগীর হত্যাকান্ডের পর উল্লেখিত পত্রিকা দুটিতে তাকে জড়িয়ে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে তা মিথ্যা ও উদ্দেশ্যমূলক।

তিনি অভিযোগ করেন, এতে তার সামাজিক, রাজনৈতিক এবং ব্যবসায়িক ক্ষতি হয়েছে।

দুই মামলায় পৃথকভাবে চারজন করে মোট ৮ জনকে সাক্ষী করা হয়েছে। এ সময় আদালতে পিন্টুর সাথে প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলো। মামলার শুনানিকালে আদালতে বাদির কর্মীবাহিনী ব্যাপক হট্টগোলের সৃষ্টি করে।

তারা আদালত প্রাঙ্গনে উল্লেখিত পত্রিকা দুটির কয়েকটি সংখ্যায় আগুন ধরিয়ে দেয়।