২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকি দেওয়ার অভিযোগে গ্রামীণ ফোনকে ৭৫ কোটি টাকা জরিমানা করা হতে পারে

জাতীয় রাজস্ব বোর্ডকে ৩১ কোটি টাকা ভ্যাট হিসেবে না দেওয়ার কারণে মোবাইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণ ফোনকে ৭৫ কোটি টাকার জরিমানা করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2005, 08:26 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

কর আইন অনুযায়ী গ্রামীণ ফোনকে আড়াই গুণ বেশি অর্থ জরিমানা হিসেবে প্রদান করতে হবে বলে জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট’র কমিশনার ফরিদ উদ্দিন বিডিনিউজকে জানিয়েছেন।

জাতীয় রাজস্ব বোর্ড গ্রামীণ ফোনকে ৬ জুন একটি চিঠি পাঠায়। ওই চিঠিতে গ্রামীণ ফোনকে এর বকেয়া ভ্যাট এবং সুদ বাবদ ৩০ কোটি ৯৭ লাখ ৪৫ হাজার ৮৭৮ টাকা পরিশোধের কথা বলা হয়।

গ্রামীণ ফোন কেন ওই পরিমান ভ্যাট প্রদান করেনি, এজন্যে সাত দিনের মধ্যে জবাব দিতে বলে জাতীয় রাজস্ব বোর্ড।

গ্রামীণ ফোন ২৩ জুন এক উত্তরে জানায়, ওই ভ্যাট বাংলাদেশ রেলওয়ের প্রদান করার কথা। কেননা বাংলাদেশ রেলওয়ে গ্রামীণ ফোনের ব্যবহারের জন্যে এর ফাইবার অপটিক নেটওয়ার্ক লিজ দেয়।

জুনের ২৭ তারিখ জাতীয় রাজস্ব বোর্ড গ্রামীণ ফোনকে আরেকটি চিঠি ইস্যু করে এবং বিলম্বের জন্যে সুদসহ বকেয়া ভ্যাট যত দ্রুত সম্ভব পরিশোধে কোম্পানিটিকে তাগিদ দেয়।

তবে ৫ জুলাই গ্রামীণ ফোনের ব্যবস্থাপনা থেকে আগের যুক্তি প্রদর্শন করে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে আরেকটি চিঠি প্রদান করা হয় বলে জাতীয় রাজস্ব বোর্ডের একজন পদস্থ কর্মকর্তা জানান।

বৃহৎ করদাতা ইউনিটের কমিশনার ফরিদ উদ্দিন বিডিনিউজকে বুধবার জানিয়েছেন, গ্রামীণ ফোন মিথ্যা বলছে। কোম্পানিটিকে অবশ্যই ফাঁকি দেওয়া কর পরিশোধ করতে হবে।

করের বকেয়া অর্থ প্রদানের ব্যাপারে গ্রামীণ ফোনের অবস্থান সম্পর্কে কমিশনার ফরিদ উদ্দিনকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কর আইন অনুসার বাংলাদেশ রেলওয়েকে নয়, গ্রামীণ ফোনকেই বকেয়া অর্থ পরিশোধ করতে হবে। অন্যথায় জরিমানাসহ বকেয়া ভ্যাটের অর্থ আদায়ের ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, গ্রামীণ ফোনকে আর কোনও সময় দেওয়া হবে না। এ বিষয়ের ওপর একটি শুনানি অনুষ্ঠিত হবে এবং রায় অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, গ্রামীণ ফোন ভ্যাট আইনের ছয় নম্বর ধারা এবং এ সংক্রান্ত নীতিমালার ২৩ নম্বর ধারা লংঘন করেছে। এ দুটি ধারা লংঘন করে কোম্পানিটি শাস্তিযোগ্য অপরাধ করেছে।

বাংলাদেশ রেলওয়ের অপটিক্যাল ফাইবার ক্যাবল নেটওয়ার্ক সুবিধা ব্যবহারের জন্যে গ্রামীণ ফোন ১৯৯৭ সালে বাংলাদেশ রেলওয়ের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে। চুক্তিতে গ্রামীণ ফোনকে লিজের মূল্যমান প্রদানসহ ১৫ শতাংশ ভ্যাট প্রদানের শর্ত ছিলো।

জাতীয় রাজস্ব বোর্ডের কাছে গ্রামীণ ফোনের মোট বকেয়া অর্থের মধ্যে ভ্যাট বাবদ ১৮ কোটি ৫৫ লাখ ৯ হাজার ৪৬৩ টাকা (যা ১৫ শতাংশ হারে প্রদানের কথা ছিল) এবং সুদবাবদ ১২ কোটি ৪২ লাখ ৩৬ হাজার ৪১৪ কোটি টাকা রয়েছে। কিন্তু গ্রামীণ ফোন এর কোনটিই পরিশোধ করেনি।