বাঘ ও সিংহের জন্মনিয়ন্ত্রণে চিড়িয়াখানার নয়া উদ্যোগ
ঢাকা চিড়িয়াখানায় প্রাণীকূলের অস্বাভাবিক জন্মবৃদ্ধির কারণে চিড়িয়াখানা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে বড়ি অথবা হরমোন প্রয়োগ করে বাঘ ও সিংহের জন্মনিয়ন্ত্রণ করা হবে।
এরআগে পৃথক খাঁচায় বাঘসিংহকে রেখে জন্মহ্রাস করার চেষ্টা হলেও এটি একেবারেই নতুন উদ্যোগ।
চিড়িয়াখানার কিউরেটর মফিজুর রহমান বিডিনিউজকে জানান, তাদের পক্ষ থেকে পশু চিকিৎসকদের নিয়ে গঠন করা মেডিকেল বোর্ড এ ব্যাপারে শিগগিরই মতামত জানাবে।
তিনি জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই নেওয়া হবে পরবর্তি পদক্ষেপ।
তিনি আরো জানান, ইংল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশের চিড়িয়াখানায় হরমোন প্রয়োগ কিংবা বড়ি খাইয়ে বাঘ ও সিংহের জন্মনিয়ন্ত্রণে সাফল্য এসেছে।
জানা যায়, বাংলাদেশে এতোদিন বাঘ সিংহ যুগলকে আলাদা খাঁচায় রেখে জন্মনিয়ন্ত্রণ করা হতো। কিন্তু এ প্রক্রিয়াটি স্বাস্থ্য সম্মত নয়।
ঢাকা চিড়িয়াখানা কর্তৃপক্ষ ওই নতুন পদ্ধতি গ্রহণের আগে প্রতিবেশী দেশ ভারতের চিড়িয়াখানা পরিদর্শন করেছেন। সে দেশের চিড়িয়াখানা ও প্রাণী বিশেজ্ঞদের কাছ থেকে এখনো তারা নিয়ে চলেছেন নানা পরামর্শ।
ঢাকা চিড়িয়াখানার কিউরেটর মফিজুর রহমান বলেন, ‘ভারতে সাফল্য এলে আমরাও এ পদ্ধতি গ্রহণ করবো। বাংলাদেশ ও ভারতের আবহাওয়ায় সামঞ্জস্যতার কারণে আমরা সেদেশের প্রাপ্ত ফলাফলকে প্রাধান্য দিচ্ছি।
ঢাকা চিড়িয়াখানায় বর্তমানে ২২টি সিংহ ও ১৪টি বাঘ রয়েছে। এটি প্রয়োজনের তুলনায় অনেক বেশি এবং ব্যয়বহুলও বটে। চিড়িয়াখানার একটি অংকের টাকা খরচ হয় এসব প্রাণী দেখভাল করতে। এছাড়া মানসিক স্বাস্থ্য বিকাশে বনের রাজা বাঘ ও পশুরাজ সিংহের জন্য যে বিশাল উন্মুক্ত প্রান্তর প্রযোজন, ঢাকা চিড়িয়াখানা কর্তৃপক্ষের তা সাধ্যের বাইরে। এসব কারণেই এখন প্রয়োজন হয়ে পড়েছে বা সিংহের জন্মনিয়ন্ত্রণ।
