২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেংরাটিলা নিয়ে রাজনীতি করবেন না: মাহমুদ

টেংরাটিলা নামে পরিচিত ছাতক গ্যাস ক্ষেত্রের দুর্ঘটনা নিয়ে রাজনীতি না করার অনুরোধ জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2005, 05:10 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

তিনি বলেন, এখানে ক্ষতিপূরণ পাওয়া না পাওয়া নিয়ে কালো পতাকা দেখানোর কিছু নেই। গ্যাস সম্পদ, জনগণ ও পরিবেশের ক্ষয় - ক্ষতি নির্ধারণের জন্য পরিকল্পিতভাবে কাজ হচ্ছে। আর মাগুরছড়া দুর্ঘটনার চেয়ে আমরা এখানে ভালো অবস্থায় আছি। কেননা নাইকোর ফেনীর গ্যাস সরবরাহের অর্থ থেকে ক্ষতিপূরণ আদায় সহজ হবে।

বুধবার ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স, বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ প্রকাশ করেন।

তিনি দাবি করেন, বাংলাদেশ আজ পর্যন্ত কোনো ক্ষতিপূরণ আদায় করতে পারেনি। এর প্রধান কারণ অবাস্তব ক্ষয় - ক্ষতি দাবি করা।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠানটিতে আরো বক্তব্য রাখেন এফইআরবি’র ভাইস চেয়ারম্যান অরুণ কর্মকার এবং নির্বাহী পরিচালক মোল্লাহ আমজাদ হোসেন।

ত্রিদেশীয় পাইপ লাইন নিয়ে দিল্লীতে অনুষ্ঠিত আজকের (বুধবার) বৈঠকে যোগ না দেয়া প্রসঙ্গে তিনি বলেন, গতকাল মঙ্গলবার ভারতীয় হাই কমিশনার বিনা সিকরী তার সাথে দেখা করে বৈঠকে কাউকে পাঠাচ্ছেন কিনা জানতে চান। এর জবাবে তিনি বলেন, এত স্বল্প সময়ে এটা সম্ভব নয়।

তবে তিনি বলেন, এই বিষয়ে বাংলাদেশের গঠন করা আন্তমন্ত্রণালয় কমিটি কাজ করছে। পরবর্তি পদক্ষেপের জন্য তিনি অপেক্ষায় আছেন আজকের সভার সিদ্ধান্তের।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি ভারত আবারো প্রস্তাব নিয়ে আসে তাহলে ত্রিদেশীয় পাইপ লাইন প্রকল্প এগিয়ে যাওয়া উচিত।

টাটার সাথে নেগোসিয়েশন এবং গ্যাসের দাম নিয়ে কয়েকটি প্রশ্নের জবাবে তিনি বলেন, কি দামে টাটাকে গ্যাস সরবরাহ করা হবে এবং কি দামে টাটার কাছ থেকে বিদ্যুত কেনা হবে এই নেগোসিয়েশন এখনো শুরু হয়নি। তিনি জানান, বর্তমান পর্যায়ে টাটার সাথে জমি বরাদ্ধ, কয়লা আন্ডার গ্রাউন্ড নাকি ওপেন পীট কোন পদ্ধতিতে আহরণ হবে, সরকার বিদ্যুত কিনবে কিনা, গ্যাস সরবরাহের নিশ্চয়তা দেয়া যাবে কিনা এই বিষয় নিয়ে নেগোসিয়েশন হচ্ছে। সর্বশেষ পর্যায়ে টাটার কাছে থেকে কি দামে বিদ্যুত কেনা হবে এবং তাদের গ্যাসের দাম কি হবে সেটা নিয়ে আলোচনা করা হবে।

নভেম্বর মাসের ৩০ তারিখের মধ্যে টাটার সাথে নেগোসিয়েশন শেষ করে চুক্তি করতে তাড়াহুড়ো কেনো, এই প্রশ্নের জবাবে মাহমুদুর রহমান বলেন, সময়সীমা এই জন্য যে একজন বিনিয়োগকারী বছরের পর বছর অপেক্ষায় থাকবে না। আর ডেডলাইন এই কারণে যে নেগোসিয়েশন শেষ করার জন্য এই সময় যথেষ্ট। আর তা না পারলে সরকারের সামর্থ নিয়ে প্রশ্ন ওঠবে।

তিনি জানান, টাটা কয়লা ব্যবহার করে বিদ্যুত উৎপাদন করবে, গ্যাস নয়। আর পরিকল্পনা অনুসারে টাটা ১,০০০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করলে তার অর্ধেক নিজেরা ব্যবহার করবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে কয়লা অনুসন্ধান এবং উত্তোলনের জন্য ছয় শতাংশ রয়্যালিটি আছে। এটা রিভিউ করার উদ্যোগ নেয়া হয়েছে। তবে আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকেই এই রিভিউ করা হবে।

অনুষ্ঠানের শুরুতে মাহমুদুর রহমান জ্বালানি খাত নিয়ে তার ইতোমধ্যে ঘোষিত বকেয়া আদায়, সিস্টেম লস কমানো, ই-গভর্ণেন্স চালু, তুতীয় রাউন্ড বিডিং এবং এনার্জি রেগুলেটরি কমিশনকে শক্তিশালী করা নিয়ে তার বক্তব্য তুলে ধরেন।

টেংরাটিলা দুর্ঘটনা নিয়েও তিনি বিস্তারিত ব্যাখ্যা করেন।

জ্বালানি নিরাপত্তা এবং মজুত সম্পর্কে তিনি বলেন, দেশে নিশ্চিত গ্যাস মজুদ ১৪ টিসিএফ (ট্রিলিয়ন কিউবিক ফিট) এবং সম্ভাব্য মজুদ ১৬ টিসিএফ। অন্যদিকে, ৭০ টিসিএফ গ্যাসের সমপরিমাণ কয়লা মজুদ রয়েছে।