সাফটা বাস্তবায়নে দেরি হতে পারে
পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ইঙ্গিত দিয়েছেন, দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তি বা সাফটা’র বাস্তবায়নে দেরি হতে পারে। তিনি বলেন, সার্ক সম্মেলন আট মাস পিছিয়েছে। ফলে এর আওতায় সব ধরনের আলোচনাও পিছিয়ে গেছে।
বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউট আয়োজিত এক সনদপত্র বিতরণী অনুষ্ঠান শেষে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ইঙ্গিত দেন।
তিনি বলেন, এ ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। এবং এগুলো মিটে গেলেই সাফটা’র বাস্তবায়ন সম্ভব।
২০০৬ সালের জানুৃয়ারি থেকে সাফটা বাস্তবায়ন হওয়ার কথা রয়েছে, যা সার্ক সদস্য দেশসমূহের মধ্যে আন্তবাণিজ্যে নতুন ব্যবস্থা প্রবর্তন করবে।
বিডিনিউজ’র সঙ্গে আলপকালে এক উচ্চ পদস্থ কূটনৈািতক সূত্র জানিয়েছেন, তিনিও সময়মত সাফটা’র বাস্তবায়ন নিয়ে সন্দিহান। কেননা সাফটা’র বিশেষজ্ঞ কমিটি এ বছরের মে মাসের মধ্যে এর মূল চুক্তি চূড়ান্ত করতে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, সাফটা’র আলোচনা বরাবরই পিছিয়ে গেছে। তবে চারটি মূল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলেই এর বাস্তবায়ন দ্রুত হতে পারে।
রুলস অব অরিজিন, সেন্সিটিভ লিস্ট, এলডিসিভুক্ত দেশের জন্যে রাজস্ব ক্ষতিপূরণ কৌশল নির্ধারণ এবং তাদের জন্যে কারিগরি সহায়তা- এ বিষয়গুলোই সাফটা’র আওতায় মূল চারটি আলোচ্য বিষয়। সদস্য দেশগুলো ২০০৪ সালের জানুয়ারি থেকে শুরু করে আটবার আলোচনার পরও এগুলো চূড়ান্ত করতে পারেনি।
এ ইস্যুগুলোর মধ্যে শুধুূ রুলস অব অরিজিনের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে। তবে বাকি তিনটি বিষয় এখনও অমিমাংসিত রয়ে গেছে।
