ফরিদপুর আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আব্দুল জলিল
সদ্য আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানকারী কাজী সিরাজের ফরিদপুর সফরকে ঘিরে ফরিদপুরের জনগনের প্রতিরোধকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা ও পুলিশি হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল জলিল এমপি।
এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে সুবিধাভোগী গণধিকৃত রাজনীতিকরা বরাবরই স্বতঃস্ফূর্ত গণরোষে নিক্ষিপ্ত হয়েছে ইতিহাসের আস্তাকুঁড়ে। কাজী সিরাজের সুবিধাবাদিতার কারণেই জনগণ তাকে প্রতিরোধ করে।
তিনি আরও বলেন, এই গণ প্রতিরোধকে কেন্দ্র করে বিএনপি-জামাত জোট সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন মুশা মিয়া, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেনসহ ৯২ জন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে দায়ের করা হয়েছে মিথ্যা মামলা। পুলিশ আওয়ামী লীগ নেতা-কর্মীদের গ্রেফতার করার জন্য বাড়ি বাড়ি তল্লাশির নামে হয়রানি করছে।
তিনি অবিলম্বে আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীর আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নেতা-কর্মীদের হয়রানির বন্ধের জোর দাবি জানান।
