কপোতাক্ষ পাড়ের লোকজন এবারও বর্ষায় ভাসবে
এবারও বর্ষায় কপোতাক্ষ নদের পার্শ্ববর্তী এলাকা পানিতে ভেসে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। নদটির নয় ফুট ড্রেজিংয়ের ওপর সাত ফুট পলির স্তর পড়ায় এখন খননকৃত অংশের মাত্র দুই ফুট গভীরতা অবশিষ্ট আছে।
কপোতাক্ষ পুনঃখনন প্রকল্পের পরিবেশগত ও আর্থসামাজিক ভিত্তি সমীক্ষার ওপর আয়োজিত মতবিনিময় সভায় রোববার বক্তারা এ মন্তব্য করেন। যশোরের জেলা প্রশাসক মো. আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পাউবো’র (দক্ষিণ-পশ্চিমাঞ্চল) প্রধান প্রকৌশলী রফিকুল কাদের।
কপোতাক্ষ বাঁচাও আন্দোলন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ জানান, জলাবদ্ধতা নিরসনে কপোতাক্ষ নদের সাতক্ষীরার তালা থেকে যশোরের পাজাখোলা পর্যন্ত মোট ৪৫ কি.মি ড্রেজিং করা হয়। ক্রস বাধ দিয়ে ড্রেজিং করায় নদে ফের পলি পড়ে। এর ফলে এবারও দু কূল ভাসিয়ে পার্শ্ববর্তী এলাকাগুলো প্লাবিত করবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। সার্ভেকারী প্রতিষ্ঠান সিইজিআইএস’ও (সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিসেস) বক্তাদের সাথে একমত প্রকাশ করেছেন।
স্থানীয় কালেক্টরেক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটি খন্দকার, কপোতাক্ষ বাঁচাও আন্দোলন সমন্বয় কমিটির ইকবাল কবীর জাহিদ ও অনিল বিশ্বাসসহ কপোতাক্ষ পার্শ্ববর্তী এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।
