২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনার চারদিন পর সোমবার থেকে চট্টগ্রামে আন্তর্জাতিক ফ্লাইট চালু হচ্ছে

বিমানের ডিসি ১০ উড়োজাহাজ দুর্ঘটনার চারদিন পর চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সোমবার সন্ধ্যা নাগাদ পুনরায় আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু হতে পারে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2005, 06:49 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

সিভিল এভিয়েশনের চেয়ারম্যান একেএম হারুন চৌধুরী সাংবাদিকদের একথা জানিয়েছেন।

রোববার উড়োজাহাজটির ইজারাদাতা প্রতিষ্ঠান পেগাসাস কোম্পানি এবং বীমা প্রতিষ্ঠান লয়েড সিঙ্গাপুরের দুজন প্রতিনিধি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর ও ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটি পরিদর্শনের পর তিনি একথা জানান।

তবে ওই দুটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কোনো মন্তব্য করেননি।

বিমানটির মালিক প্রতিষ্ঠান পেগাসাসের আরো একজন প্রতিনিধি রোববার বিকেলে ফ্রান্স থেকে চট্টগ্রাম বিমানবন্দরে যান। তিনিও বিমানবন্দরের দুর্ঘটনাস্থল এবং ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটি পরিদর্শন করেন।

ঘটনার পর রোববার পর্যন্ত তিনদিন ধরে শাহ আমানত বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজ চলাচল করলেও আন্তর্জাতিক ফ্লাইট চালু করা সম্ভব হয়নি।

বিমানবন্দর সূত্রে জানা যায়, লয়েড সিঙ্গাপুরের উর্ধ্বতন কর্মকর্তা পিটার টায়রার রোববার দুপুর ১২টায় বিমান যোগে চট্টগ্রাম পৌঁছেন। বিমান থেকে নেমেই তিনি সরাসরি ক্ষতিগ্রস্ত ডিসি - ১০ উড়োজাহাজটির কাছে যান। বেলা আড়াইটা পর্যন্ত তিনি ঘটনাস্থল ও ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটি পর্যবেক্ষণ করেন।

এ সময় তার সাথে ছিলেন বিমানের প্রধান প্রকৌশলী এনামুল মজিদ, ডেপুটি জেনারেল ম্যানেজার (হিসাব) মোহাম্মদ ইলাহী।

সিভিল এভিয়েশনের চেয়ারম্যান সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বলেন, বীমা কোম্পানির থেকে ক্লিয়ারেন্স পাওয়া গেছে। সোমবার বিকেল নাগাদ বিমানটিকে রানওয়ে থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হবে।

এদিকে শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক স্কোয়াড্রন লিডার এএসএম ফরহাদ বিডিনিউজকে বলেন, শুক্রবারের বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রানওয়ের সংস্কার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত বিমানটিকে সরিয়ে নেওয়া হলে বিমানবন্দরটিকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। বিমানটিকে সরানোর জন্য ইতোমধ্যেই সেনাবাহিনীর দু্িট ও চট্টগ্রাম বন্দরের একটি ক্রেইন বিমানবন্দরে নেওয়া হয়েছে।

সিভিল এভিয়েশন সূত্র জানায়, আপাতত: বিমানটিকে রানওয়ে থেকে দুইশ’ ফুট দূরে রাখা হচ্ছে। এ জন্য যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

সূত্র আরো জানায়, ঝড় বৃষ্টির কারণে প্রাথমিক পর্যায়ে দুর্ঘটনা কবলিত ডিসি ১০টির উদ্ধার তৎপরতা ব্যাহত হয়। তবে উদ্ধার তৎপরতার অংশ হিসেবে রোববার উড়োজাহাজটির জ্বালানি তেল সরিয়ে ফেলা হয়।

এদিকে ওই ফ্লাইটটির পাইলট ও কো পাইলটকে নিয়ে মাদকাসক্তির যে গুজব রটেছে, তার তীব্র প্রতিবাদ করেছেন বাংলাদেশ এয়ারলাইন পাইলটস’ অ্যাসোসিয়েশন (বাপা) সভাপতি ফ্লাইট ক্যাপ্টেন নাসিম। বিডিনিউজকে তিনি বলেন, এটি নেহাতই একটি উদ্দেশ্যমূলক প্রচারণা।

তিনি বলেন, বরাবরই দেখা যায়, বিমান দুর্ঘটনার পর কতিপয় মিডিয়া ও বিমান কর্মকর্তা সব দোষ পাইলটের ওপর চাপাতে ব্যস্ত থাকে। কিন্তু তদন্তাধীন বিষয়ে প্রযুক্তিগত অভিজ্ঞতা ছাড়া কারো এধরনের মন্তব্য করা উচিত নয়।

বিমানের দুবাই থেকে আসা ডিসি ১০ উড়োজাহাজটি শুক্রবার সকালে ২০০ যাত্রী নিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে দুর্ঘটনায় পড়ে। এতে উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্যে সকল যাত্রী প্রাণে বেঁচে যান।