যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মার্কিন রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। সোমবার যুক্তরাষ্ট্রের ২২৯তম স্বাধীনতা দিবস।
রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রোববার মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের কাছে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় বলেন, সকল ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আমাদের বন্ধুত্বকে জোরদার করতে এবং দুটি দেশের জনগণের মধ্যে পারস্পারিক সহযোগিতা বাড়াতে হবে।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার শুভেচ্ছা বার্তায় বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের সকল সাহায্য সহযোগিতার কথা আমরা তাদের স্বাধীনতা দিবসে স্মরণ করি। আমার বিশ্বাস, ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বমূলক সম্পর্ক আরও বাড়বে।
রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ও জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।
