২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসি’র ১,২৪৭ কোটি টাকার বাজেট সোমবার, ১৪টি খাতে কর বৃদ্ধি

ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) সোমবার ২০০৫-০৬ অর্থবছরের ১ হাজার ২৪৭ কোটি ৭২ লাখ টাকার বাজেট পেশ করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2005, 02:00 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

প্রস্তাবিত বাজেটে হোল্ডিং করসহ ১৪টি খাতে কর বৃদ্ধির কথা বলা হয়েছে। এতে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৩২ কোটি টাকার।

ডিসিসি সূত্র জানায়, প্রস্তাবিত এই বাজেট গত বছরের বাজেটের তুলনায় ৩২৫ কোটি ৭১ লাখ এবং সংশোধিত বাজেটের তুলনায় ৩৭৮ কোটি ২৭ লাখ টাকা বেশি। ডিসিসির ইতিহাসে এটিই হতে হচ্ছে সবচেয়ে বড় বাজেট।

জানা যায়, নতুন বাজেটে কর আদায়ের লক্ষ্যমাত্রা দ্বিগুণেরও বেশি ধরে ৪৩২ কোটি টাকা করা হয়েছে। এটি গত বছর ছিলো প্রায় ২০০ কোটি টাকা। গত বছর কর আদায় লক্ষ্যমাত্রা অর্জনে কর্তৃপক্ষ ব্যর্থ হয়। ওই বছর রাজস্ব আদায় করা হয় মাত্র ১১০ কোটি টাকার।

বাজেটে উন্নয়ন খাতে ব্যয় বরাদ্দ রাখা হবে ৯৯৭ কোটি টাকা। এরমধ্যে সরকারি অনুদান হিসেবে ১০০ কোটি টাকা ও বিদেশী সাহায্যপুষ্ট প্রকল্প থেকে ৫৫০ কোটি ২২ লাখ টাকা পাওয়ার আশা করা হচ্ছে।

উন্নয়ন বরাদ্দের মধ্যে তিনটি কবরস্থানসহ শ্মশান উন্নয়ন প্রকল্পে ৭ কোটি ২৫ লাখ, নাগরিক বিনোদন খাতে ৮ কোটি টাকা দেওয়া হচ্ছে। এছাড়াও ভৌত অবকাঠামো নির্মাণ, জাদুঘর, নিচু জমি উন্নয়ন, বিশেষ উন্নয়ন প্রকল্প, অনিশ্চিত উন্নয়ন ব্যয়, নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান, বৈদ্যুতিক কাজ, ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন, সরঞ্জামাদি ও সম্পদ ক্রয়সহ বিভিন্ন খাতে ৭৩৩ কোটি ৩২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

সূত্র জানায়, সংশ্লিষ্টরা আশা করছেন, উন্নয়ন খাতের প্রায় ১০০ কোটি টাকা, অর্থাৎ বেশিরভাগ অর্থই আসবে সরকারি অনুদান থেকে। গত অর্থবছরেও ওই একই পরিমান অর্থ সরকারি অনুদান থেকে পাওয়ার কথা থাকলেও অনুদান পাওয়া গেছে মাত্র ৩৬ কোটি ৩৫ লাখ টাকা।

নতুন বাজেটে কর বাড়ছে ১৪টি খাতে। এগুলো হচ্ছে- হোল্ডিং কর, বাজার সালামি, বাজার-নগর ভবন ভাড়া, ট্রেড লাইসেন্স, গরুরহাট (কোরবানির হাটসহ), কমিউনিটি সেন্টার ভাড়া, সম্পত্তি হস্তান্তর কর, বিদ্যুৎ বিল, বিজ্ঞাপন, পুরাতন অকেজো মালামাল বিক্রয়, রাস্তা খনন ফিস, ঠিকাদার তালিকাভূক্তি ও যন্ত্রপাতি ভাড়া খাতে।

তবে কয়েকটি খাতে এবার কর কমতে পারে। এর মধ্যে রয়েছে রিক্সা লাইসেন্স ফিস, প্রমোদ কর (সিনেমা), জন্ম-মৃত্যু ও বিয়ে খাতে। যেসব খাতে কর স্থিতিশীল থাকছে, তার মধ্যে রয়েছে- বাস-ট্রাক টার্মিনাল, টয়লেট-ঘাটের ইজারা, জবাইখানা ইজারা, শিশু পার্ক, সিডিউল, ফরম বিক্রি, কবরস্থান-শ্মশান ঘাট ইজারা খাতে।

সূত্র জানায়, গত বছর ডিসিসি সরকারি অনুদান ও রাজস্ব প্রাপ্তির লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়। এতে বেশ কয়েকটি প্রকল্পের কাজ করা যায়নি। এরমধ্যে মেয়র প্রতিশ্রুত চারটি নতুন রাস্তা নির্মাণ, তিনটি কবরস্থান ও দুইটি আবর্জনা ডাম্পিং স্টেশন স্থাপন প্রকল্পের কাজও শুরু হয়নি।

ওই প্রকল্পগুলো এ বছরেরও বাজেট প্রস্তাবে থাকছে। তবে এগুলোর বাস্তবায়ন তথা ভবিষ্যত নিয়েই এখন দেখা দিয়েছে প্রশ্ন।