‘হটাও নারী, বাচাও দেশ , ড. গালিবের বাংলাদেশ’ : ড. গালিবের মুক্তির দাবিতে অনুষ্ঠিত সমাবেশে শ্লোগান
‘হটাও নারী, বাচাও দেশ , ড. গালিবের বাংলাদেশ’- শ্লোগানের মধ্য দিয়ে শুক্রবার বিকেলে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ড. গালিবসহ চার নেতার মুক্তির দাবিতে অনুষ্ঠিত হয় এক বিশাল সমাবেশ।
সমাবেশে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের ভারপ্রাপ্ত আমির ড. মুহাম্মদ মুছলেহউদ্দিন বলেন, ক্ষমতায় থাকতে চাইলে ড. গালিবসহ চার নেতাকে অবিলম্বে মুক্তি দিতে হবে । অন্যথায় আহলে হাদিসের এক কোটি ভোটার আগামী নির্বাচনে জোটকে সমুচিত জবাব দিবে।
জঙ্গীবাদ, সন্ত্রাসবাদের সাথে আহলে হাদিস ও যুব সংঘের কোন সম্পর্ক নেই বলে জানান আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের ভারপ্রাপ্ত আমির।
সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন আলমারকাযুল ইসলামী আস সালাফীর মুহাদ্দিছ শায়েখ মাওলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আহলে হাদিস যুব সংঘের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শেখ রফিকুল ইসলাম, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আব্দুল ওয়াদুদ প্রমুখ।
সমাবেশের আগে আহলে হাদিসের একটি বিক্ষোভ মিছিল কলারোয়া পৌর শহর প্রদক্ষিণ করে।
