কুষ্টিয়া সীমান্ত দিয়ে ডিজেলের পর এবার পাচার হচ্ছে কাঁচা মরিচ
কুষ্টিয়ার দৌলতপুর এলাকার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে ডিজেলের পর এবার কাঁচা মরিচ পাচার হয়ে যাচ্ছে।
এ অঞ্চলের উৎপাদিত বিপুল পরিমাণ কাঁচা মরিচের বড় বড় চালান বিডিআরের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে সীমান্তে নদীর কয়েকটি সংযোগপথে পার্শ্ববর্তী ভারতে পাচার হয়ে যাওয়ায় এর বিরূপ প্রভাব পড়েছে স্থানীয় বাজারগুলোতে। সাম্প্রতিক সময়ে কাঁচা মরিচের চোরাচালান বৃদ্ধি পাওয়ার ফলে পূর্বের তুলনায় স্থানীয় বাজারে কাঁচা মরিচের দাম কেজি প্রতি দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে। এক সপ্তাহ আগে হাট-বাজারগুলোতে কাঁচা মরিচ ৮ থেকে ১০ টাকা করে প্রতি কেজি বিক্রি হলেও এখন তা হচ্ছে ১৬ থেকে ২০ টাকায়। বিডিআর জওয়ানরা অবশ্য পাচারকৃত বিপুল পরিমাণ কাঁচা মরিচ আটক করতে সক্ষম হয়।
সীমান্ত এলাকার একটি সূত্র জানিয়েছে, দৌলতপুর সীমান্ত পথ দিয়ে পাচার হয়ে যাওয়া এসব কাঁচা মরিচ ভারতের বাজারে প্রতি কেজি বাংলাদেশী টাকায় ৫০ টাকা দরে খুচরা বিক্রি করা হয়ে থাকে। সূত্রটি আরও জানায়, রাতের আঁধারে ভ্যানযোগে বস্তাভর্তি মরিচের চালানগুলো সীমান্তের বিভিন্ন পয়েন্টে ভিড়ানো হয়। সেখান থেকে পার্শ¦বর্তী সীমান্ত নদীর ঘাটে অবস্থানরত ট্রলারযোগে ভারতীয় চোরাচালানকারীদের কাছে পৌঁছে দেয়া হয়। সীমান্ত এলাকায় অবস্থিত বিডিআর ক্যাম্পগুলোর পাশ দিয়েই এসব কাঁচা মরিচের চালান ভারতে পাচার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। সীমান্ত এলাকায় বিডিআর জওয়ানদের টহল তৎপরতা অব্যাহত থাকলেও তাদের চোখ ফাঁকি দিয়ে প্রতি রাতেই মরিচের বড় বড় চালান পাচার হয়ে যাচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। তবে অন্যান্য দিনের মত যথারীতি কাঁচা মরিচের একটি চালান গত রোববার গভীর রাতে পাচারকালে বিডিআরের হাতে আটক হয়েছে।
