রাষ্ট্রপতির সঙ্গে হ্যারি কে টমাসের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত হ্যারি কে টমাস বৃহস্পতিবার বঙ্গভবনে প্রেসিডেন্ট অধ্যাপক ইয়াজ উদ্দিন আহম্মেদের র সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।
বাংলাদেশে অবস্থানকালে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে পারস্পারিক সমঝোতা ও সহযোগিতা দৃঢ় করার জন্য হ্যারি কে টমাসের অবদানের প্রশংসা করেন প্রেসিডেন্ট। তিনি আশা প্রকাশ করেন, টমাস বাংলাদেশ সম্পর্কে সুখস্মৃতি নিয়ে যাবেন এবং পরবর্তী এ্যাসাইনমেন্টেও বাংলাদেশের বন্ধু থাকবেন।
দু’দেশের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উল্লেখ করে প্রেসিডেন্ট বাংলাদেশের সকল প্রচেষ্টার প্রতি যুক্তরাষ্ট্র সরকারের মূল্যবান সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং যুক্তরাষ্ট্র ভবিষ্যতেও এই সমর্থন অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন।
তিনি রাষ্ট্রদূতের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের কাছে তার উষ্ণ অভিনন্দন পাঠান।
রাষ্ট্রপতি বিদায়ী রাষ্ট্রদূতের এবং তার পরিবারের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি এবং নতুন আ্যাসাইনমেন্টে তার সফল্য কামনা করেন।
রাষ্ট্রপতি হ্যারি কে টমাসকে তার উত্তরসূরির প্রতিও পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
বিদায়ী রাষ্ট্রদূত বলেন, আমি বাংলাদেশকে অনেক পছন্দ করি। বাংলাদেশের ভবিষ্যতের ব্যাপারে আমি আশাবাদি। বাংলাদেশের গ্রামাঞ্চল এবং বাংলাদেশের মানুষ অত্যন্ত পরিশ্রমী ও ভাল। টমাস আরও বলেন যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার প্রতি সমর্থন সম্প্রসারিত করেছে এবং এ উদ্দেশ্যে ১০ টি বৃত্তির ঘোষণা দিয়েছে। তিনি বলেন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কনডোলিসা রাইস শিগগিরই বাংলাদেশ সফর করবেন এবং আগামী মাসে কয়েকটি গুরুত্বপূর্ণ সফর হবে।
সাক্ষাৎ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম খায়রুজ্জামান, রাষ্ট্রপতির সচিব এমডি. আবু সোলায়মান চৌধুরী, এমএসপি মেজর জেনারেল এ এন এম মনিরুজ্জামান, প্রেস সচিব এম মোখলেসুর রহমান চৌধুরী এবং আঞ্চলিক যোগাযোগ কর্মকর্তা (ইউএসআইডি) প্যাট্রিক উইলসন উপস্থিত ছিলেন।
