টেংরাটিলা গ্যাসফিল্ডের আগুন অপরিবর্তিত
সুনামগঞ্জের টেংরাটিলা গ্যাসফিল্ডের আগুনের উচ্চতা অপরিবর্তিত রয়েছে। প্রচন্ড শব্দে বের হওয়া আগুন বুধবার ৩০০ ফুটের মধ্যে ওঠানামা করে।
বুধবার সকাল সাড়ে ছয়টায়, সাড়ে ১০ টায় ও পৌনে একটায় গ্যাসফিল্ডের আগুন নিভে গেলে কুপ থেকে ধুলাবালি বের হয়। কয়েক মিনিট পর আবার পুর্বের অবস্থায় চলে আসে।
একটি সুত্র জানায়, আগুন একেবারে নিভে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে-এ আশংকায় গ্যাস ফিল্ডে কর্মরতদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
এদিকে আগুন লাগার পর থেকে ওই এলাকায় রোগব্যাধি দেখা দিয়েছে। বিশেষ করে শিশু ও মহিলারা জ্বর ও মাথা ব্যাথায় আক্রান্ত হচ্ছে।
বুধবার বিকেলে বাপেক্সের এমডি জামাল উদ্দিন খান প্রথম দফায় আগুনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের এক কোটি সাত লাখ ৪৮ হাজার ৩৭৬ টাকার চেক জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন। এ টাকা দুই তিনদিনের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে বিতরন করা হবে।
অন্যদিকে টেংরাটিলাবাসীরা বুধবার বিকেলে বিক্ষোভ মিছিল করে। তারা প্রথম দফায় আগুন লাগার পর ক্ষতিগ্রস্তদের তালিকা সঠিক ভাবে করা হয়নি বলে প্রতিবাদ জানায়।
