দুর্নীতি হ্রাস ও বন্দরের দক্ষতা বৃদ্ধিতে জোর দিলেন গ্যাস্টরাইট
বাংলাদেশকে অবশ্যই প্রাতিষ্ঠানিক দূর্নীতি কমাতে হবে ও বন্দরের দক্ষতা বৃদ্ধি করতে হবে, বলেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোর উপসহকারী মন্ত্রী জন এ গ্যাস্টরাইট জুনিয়র।
সোমবার চট্টগ্রাম বন্দর, নেভাল একাডেমি ও রপ্তানী প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (সিইপিজেড) পরিদর্শন শেষে চট্টগ্রামস্থ আমরিকান কর্ণারে প্রেস ব্রিফিং এ তিনি একথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশ উদার গণতান্ত্রিক মুসলিম রাষ্ট্র। চলমান বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্বের। যুক্তরাষ্ট্র বাংলাদেশের এই অবস্থানের প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখার মাধ্যমে আর্থ-সামাজিক অবস্থার দ্রুত উন্নতি ঘটাতে পারবে।
এক প্রশ্নের উত্তরে গ্যাস্টরাইট বলেন, বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের বিষয়টি প্রক্রিয়াধীন। কংগ্রেস ও সিনেটে অনুমোদনের পর তা কার্যকর হবে। এর জন্য আরো সময় প্রয়োজন। বুশ সরকারের চলতি মেয়াদে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলেও তিনি উল্লেখ করেন। তবে তিনি আরো বলেন, শুল্কমুক্ত প্রবেশাধিকারের সুযোগ অর্জণের চেয়েও বাংলাদেশের বেশি প্রয়োজন দূর্নীতি দমনে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা। চট্টগ্রামের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, এখানে ইপিজেড পরিদর্শন করে আমি অভিভূত হয়েছি। চমৎকার পরিবেশ। এশিয়ার অন্যতম এই বিনিয়োগ ক্ষেত্রের জন্য আমি বাংলাদেশকে অভিনন্দন জানাচ্ছি।
জন এ গ্যাস্টরাইট বন্দর পরিদর্শন শেষে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এম এ শাহাদত হোসেনের সঙ্গে মত বিনিময় করেন। তিনি সিইপিজেডের একটি কোরিয়ান কারখানা পরিদর্শন করেন।
