২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিতারা আপা ও কয়েক টুকরো স্মৃতি

কমিউনিকেশন থিওরি পড়াচ্ছিলেন সিতারা আপা, কোন চ্যাপ্টার ঠিক মনে নেই। হঠাৎ যারা ক্লাসরুমের সামনের দিকে বসেছিলাম, লক্ষ্য করলাম, আপার চোখ আটকে আছে পেছনের বেঞ্চে। মুখে কিছু বলছেন না, চেহারায় চিরাচরিত স্মিত হাসি। ক্লাসে আপার প্রতিটি শব্দ যারা শুনতে চাইতো তাদের একশতভাগ মনোযোগী না হয়ে উপায় থাকতো না, কারণ তিনি শব্দগুলো এমন স্বরে উচ্চারণ করতেন, যেন ক্লাসে শেষ বেঞ্চে যে বসে আছে তার কানে পৌঁছায় তবে তার পরেও যদি কোন যায়গা ফাঁকা থাকে, সেখানে যেন না পৌঁছায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাহমুদ মেনন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2005, 05:40 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

সঠিক যোগাযোগ পদ্ধতি পড়াতে পড়াতে হয়তো আপা তার কন্ঠস্বরের এ অদ্ভুত যোগাযোগের কৌশলটি আয়ত্ব করেছিলেন। ক্লাসে অমনোযোগী হওয়ার সুযোগ সে কারণে খুব কম জনেরই হতো। তারপরও ক্লাসে এমন দুএকজন থাকেই, যাদের জন্যে আপার স্থির মুখে ওই বিশেষ ধরনের স্মিত হাসি। দৃশ্যটি ১০/১২ সেকেন্ডের মতো স্থায়ী। পুরো ক্লাস আপার দৃষ্টিকে অনুসরণ করে ঘাড় ঘুরিয়ে আবার সামনের দিকে চোখ। এবার চোখ কথা বললো আপার। তারপর মুখ। আলোচনায় ফিরলো শ্রেণীকক্ষ, পূর্ণ মনোযোগে।

যে দৃশ্যের কথা বললাম, আমার ধারণা, আপার সকল শিক্ষার্থী তার এ পদ্ধতিতে সতর্ক করে দেওয়ার ভঙ্গিমার সাথে পরিচিত। সবার চোখের সামনে ভাসছে এমন দৃশ্য।

কাঠখোট্টা বিষয়ের সরল উপস্থাপন আপার ক্লাসে ছাত্র-ছাত্রীকে মনোযোগী করেই ছাড়তো।

শ্রেণীকক্ষে সিতারা আপার উপস্থিতি এবং শিক্ষার্থীদের সামনে তার বক্তব্য উপস্থাপনার এমন আরও দৃষ্টিনন্দন, মধুর, মুগ্ধকর অনেক উদাহরণ দেওয়া যাবে। সফল যোগাযোগ কৌশল জানা শ্রেষ্ঠদের একজন ছিলেন তিনি, তা নির্দ্বিধায় বলা যায়।

এই সিতারা আপা নেই। নেই মানে তো নেই-ই। চলেই গেলেন।

আহাদ স্যর বলেছেন, সারা জীবন ছুটতে দেখেছি, ছুটতে ছুটতে এভাবে পালিয়ে গেলো।

সত্যিই পালিয়ে গেলেন সিতারা আপা। এ পালানো লুকোচুরির কোনও পালানো নয় যে, কোনও ফোঁকর থেকে আপা আবার ফিরবেন।

সোমবার ঢাকায় আপার মরদেহ পৌঁছেছে। জানিনা হাসিমাখা মুখটি দেখতে কেমন হয়েছে। তবে দেখতেও চাই না। সদাহাস্যময় সেই মুখটিই বেঁচে থাক স্মৃতিতে।

বিশ্ববিদ্যালয়ের রেওয়াজে পুরুষ শিক্ষকদের স্যর আর নারী শিক্ষকদের ম্যাডাম বলা হয়। আমরা বলতাম আপা। প্রথম দিনের ক্লাসেই কথাটি বলে দিতেন ‘আমাকে ম্যাডাম নয় আপা ডাকবে’। সম্মান ও ভালোবাসা মিশ্রিত এই ডাকে শিক্ষার্থীরা খুব কাছে চলে যাওয়ার এক অনুভূতি পেতো।

আপার মৃত্যু খবরের পর এইসব শিক্ষার্থীর আজ কী অবস্থা, তা আমি নিজেকে দিয়েই টের পাই। ছাত্রদের কেউ কারো চেয়ে কম ছিলো না তার কাছে। কেউ কোনও অবহেলা যেমন পায়নি, তেমনি পায়নি বাড়তি কোনও সুযোগ।

একবার বাড়তি সুযোগ পেয়েছিলাম, বলতে হবে নাছোড়বান্দা হয়ে আদায় করেছিলাম। আপার একটা সাক্ষাৎকার। তখন তিনি ডিপার্টমেন্টের চেয়ারম্যান। একটি সংবাদপত্রের গণমাধ্যম বিষয়ক একটি পাতার দায়িত্বে কাজ করছি আমি। সাংবাদিকতা বিষয়ের পাতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যানের একটি সাক্ষাৎকার প্রকাশিত হবে, এ এমন কোনও আহামরি আইডিয়া নয়। তবে কাজটি হয়ে পড়লো কঠিন।

বিভাগেরই এক জুনিয়র, যে আমার সাথে কাজ করতো, তাকে বললাম আপাকে সাক্ষাৎকারের কথা বলতে। আপা এক বাক্যে না করে দিলেন। মিডিয়ায় কথা বলাটা খুব একটা পছন্দ করতেন না, প্রচারপ্রিয় মানুষ তিনি ছিলেন না। অগত্যা নিজেই গেলাম। ভালোবাসার, স্নেহের চূড়ান্ত সুযোগ নিয়ে আপাকে রাজি করালাম। বললেন, যা যা জিজ্ঞেস করবে লিখে দাও। প্রশ্নপত্র লিখে দিলাম। সাক্ষাৎকার নিলাম। আপা বললেন অনেক কিছু। সব কথাই ডিপার্টমেন্টকে ঘিরে, সাংবাদিকতার পড়াশোনাকে ঘিরে। সাংবাদিকতা বিভাগ তখন নতুন সাজে সাজছে। মিডিয়া সেন্টার হয়েছে। কম্পিউটারাইজড করা হয়েছে ইত্যাদি। বিভাগটি নিয়ে আপার স্বপ্ন ছিলো অনেক। এখান থেকে বের হবে যে শিক্ষার্থীরা, তারা যেন ঠিকমতো কাজ পায়, সমাজে স্থান করে নিতে পারে এসব কিছু নিয়েই তার ভাবনা ছিলো।

সাক্ষাৎকার হলো এবার ছবি, আপা তার ছবি দিতে নারাজ। অনেক কষ্টে, সাংবাদিকতার দোহাই দিয়ে, ছবি না পেলে সাক্ষাৎকারটি ছাপানো মাটি হয়ে যাবে, এসব বলে এবং সবশেষে আহাদ স্যারের সুপারিশ নিয়ে (দাওই না হয়-একটা ছবিইতো-ছেলেটা দাবি করছে-এমন কি ক্ষতি) ছবি তোলানো হলো। এবং ছাপা হলো সিতারা আপার পূর্ণাঙ্গ সাক্ষাৎকার।

এটা একটা বাড়তি পাওনা পেয়েছিলাম সিতারা আপার কাছ থেকে।

আপা বুঝতেন স্নেহ ও শাসন দিয়ে গড়ে তোলা ছাত্র-ছাত্রীরা কখনো এমন কিছু করবে না যা নৈতিকতার বাইরে যাবে। কিন্তু রাষ্ট্রপতির মেয়ে হওয়ায় তার হাত-পাও যে বাঁধা ছিলো সেটা নিসন্দেহে তার শিক্ষার্থীরা বুঝতে পারতো। সুমনা আপা (সুমনা শারমিন, প্রথম আলো) লিখেছেন ফোন করে বাসায় দাওয়াত নেয়ার নাম করে বঙ্গভবনে ঢুকেছিলেন। এটুকু যে করা, তা ওই স্নেহের দাবি থেকেই।

এই ভালোবাসা ছড়িয়ে দেওয়া আপা আজ আর নেই। বুধবার তার জানাজা হবে, চির নিদ্রায় শায়িত করা হবে বনানি গোরস্থানে। ভাবতেই কষ্ট বুক ঠেলে ওঠে। কিন্তু আপার জন্যে সকল শিক্ষার্থীর এই বেদনা তার পরলোকের শান্তি বয়ে আনুক। তার আত্মা চির শান্তিময় হোক এটাই কামনা।