কিস্তি শোধ করে নতুন ঋণ গ্রহণের সুযোগ নিন: সমবায় মন্ত্রী
সরকার থেকে গৃহীত ঋণের আসল টাকার কিস্তি পরিশোধ করে নতুন ঋণ গ্রহনের সুযোগ লাভের জন্য সমবায় ব্যাংকের সাথে সংশ্লিষ্ট সমবায়ীদের প্রতি আহবান জানানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নায়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া।
মন্ত্রী শনিবার মহানগর নাট্য মঞ্চে বাংলাদেশ সমবায় ব্যাংকের ২৮ তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন । সংবাদ বিজ্ঞপ্তি।
মন্ত্রী আরও জানান, ব্যাংকের ঋণ কার্যক্রম পুনরায় চালু করার লক্ষ্যে সরকার বাংলাদেশ ব্যাংকে ৫০ কোটি টাকা জামানত প্রদানে সম্মতি প্রদান করেছে এবং সমবায় ব্যাংককে এককালীন সীড ক্যাপিটাল সরবরাহ ও ক্ষুদ্র ঋণ কর্মসূচীতে সম্পৃক্ত করার ব্যবস্থা করেছে।
মান্নান ভূঁইয়া বলেন,“ সমবায় ব্যাংককে একটি পূর্ণাঙ্গ বানিজ্যিক ব্যাংকে রূপান্তর করার বিষয়টি বর্তমানে সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে সমবায় ব্যংকের ৫৭ বছরের পদযাত্রায় এই ব্যাংক দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছে। সময়ের সাথে খাপ খাইয়ে চলতে হলে এ প্রতিষ্ঠানকে নতুন করে গড়ে তুলতে হবে এবং এর কার্যক্রমেও ব্যাপক পরিবর্তন আনতে হবে।”
বাংলাদেশ সমবায় ব্যাংক লিঃ এর চেয়ারম্যান ভূমি উপমন্ত্রী এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পল্লী উন্নায়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ হেদায়েতুল উসলাম চৌধুরী , সমবায় অধিদপ্তরের নিবন্ধক শেখ আলতাফ আলী, জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি আব্দুল আলী মৃধা ও ব্যাংকের পরিচালক মনির হোসেন বক্তব্য রাখেন।
