মেঘনার হাতিয়া চ্যানেলে চোরাচালান ও দস্যুতা বৃদ্ধি
মেঘনা নদীর হাতিয়া চ্যানেলে দস্যুতা ও চোরাচালান দিন দিন বেড়েই চলেছে। কোস্ট গার্ড ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় জলদস্যু ও চোরাচালান চক্র এ রুটটিতে তাদের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
একদিকে দেশের মূল্যবান সম্পদ এ নৌপথ দিয়ে বার্মা-মায়ানমারসহ বিদেশে পাচার হয়ে যাচ্ছে তেমনি রাজস্ব ফাঁকি দিয়ে বিদেশ থেকে অনেক অবৈধ মালামাল দেশে প্রবেশ করছে।
অন্যদিকে, জলদস্যুদের আতঙ্কে জেলেরা মাছ ধরার চেয়ে নিজেদের জীবন বাঁচাতে বেশি চিন্তিত হয়ে পড়েছে।
অভিযোগ রয়েছে, ২২ জুন হাতিয়া চ্যানেল দিয়ে বার্মায় পাচারকালে ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় হাতিয়ার সূর্যমুখী খালে আশ্রয় নেওয়া একটি জাহাজ থেকে স্থানীয় বিএনপি যুবদল নেতাকর্মীরা বার হাজার বস্তা সার লুট করে নিয়ে যায়। হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
জানা গেছে, ১৯৯০ থেকে ২০০৫ সাল পর্যন্ত কয়েক বার জলদস্যুদের দ্বারা মালামাল লুট হয়।
সর্বশেষ ২২ জুন সার লুট ঘটনার মধ্য দিয়ে এ পথে চোরাচালানে অনেক তথ্য বেরিয়ে আসছে। চোরাচালানীদের সাথে পুলিশ, স্থানীয় রাজনৈতিক দলের নেতা ও প্রভাবশালীদের অনেকে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।
মুলত হাতিয়ার মেঘনা চ্যানেল দিয়ে বরিশাল, চাঁদপুর, ভোলা, সন্দ্বীপসহ বিভিন্ন স্থানে চলাচলকারী নৌযানগুলো তল্লাশির কোনও ব্যবস্থা নেই। ফলে হাতিয়া চ্যানেল অতিক্রম করে প্রতিনিয়ত এ নৌপথে চোরাচালানি পণ্য ভর্তি কার্গো আসা-যাওয়া করে। বিশেষ করে ইঞ্জিন চালিত নৌকাগুলো দিয়ে দেশি-বিদেশি পণ্য এ পথ দিয়ে পাচার হচ্ছে। চরগজারিয়া, কালকিনি, মতিরহাটসহ বিভিন্ন জায়গায় চোরাচালান চক্র ও সন্ত্রাসীরা গড়ে তুলেছে তাদের আস্তানা।
মাঝে মাঝে পুলিশের অভিযানের ফলে তারা সাময়িকভাবে তাদের কার্যক্রম থেকে বিরত থাকলেও সম্পূর্ণভাবে কখনও নিষ্ক্রিয় থাকে না।
স্থানীয় বাসিন্দারা জানান, হাতিয়ার চ্যানেলে যদি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়, তাহলে চোরাচালান এবং লুটপাট বন্ধ করা সম্ভব হবে।
উল্লেখ্য, ২০০১ সালে জলদস্যুরা একটি জাহাজ আটকিয়ে তা লুটের চেষ্টা করলে পুলিশের ক্রসফায়ারে পড়ে এক পাচারকারী নিহত হয়।
২০০৪ সালে চরজব্বর থানা পুলিশ মেঘনা দিয়ে পাচারকালে ৮ বস্তা সার আটক করে।
