২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারা ট্যারিফ ও শুল্ক বর্হিভূত প্রতিবন্ধকতা কমাতে ভারত ইতিবাচক ভঙ্গি দেখিয়েছে: পররাষ্ট্র সচিব

ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক বৈষম্য হ্রাস এবং বাংলাদেশী পণ্যের ওপর থেকে প্যারা ট্যারিফ ও শুল্ক বর্হিভূত প্রতিবন্ধকতা তুলে নেওয়ার ব্যাপারে ভারত বাংলাদেশকে আশ্বস্ত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2005, 09:12 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

বাংলাদেশ ও ভারতের মধ্যকার দু দিনের সচিব পর্যায়ের বেঠক শেষে বৃহস্পতিবার নয়া দিল্লিতে থেকে দেশে ফিরে জিয়া আর্ন্তজাতিক বিমানবন্দরে পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন সাংবাদিকদের বলেন, আগামী কয়েক মাসের মধ্যে ভারতের বাণিজ্য মন্ত্রীর ঢাকা সফরকালে বিষয়টি নিয়ে আরও আলোচনা করা হবে।

তবে তিনি বৈঠকের সুনির্দিষ্ট কোন সাফল্য সম্পর্কে স্পষ্ট কিছু বলতে পারননি। বৈঠক সম্পর্কে পররাষ্ট্র সচিব বলেন, কোন তাৎক্ষণিক সমাধান পেতে কিংবা কোন চুক্তি করার জন্য বৈঠকটি অনুষ্ঠিত হয়নি। দু দেশই দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে এবং সে সব বিষয়ে সমাধান খুঁজতে ঐকমত্য প্রকাশ করেছে।

প্যারা ট্যারিফ ও শুল্ক বর্হিভূত প্রতিবন্ধকতা ছাড়াও বাংলাদেশ বৈঠকে ভারতের নদী সংযোগ প্রকল্পের মহাপরিকল্পনার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

তিনি বলেন, ভারত আমাদের আশ্বস্ত করেছে যে নদী সংযোগ প্রকল্প বাস্তবায়নে কোনও একক কার্যক্রম গ্রহণ করা হবে না। দু দেশই অভিন্ন নদীর পানি বন্টণ বিষয়ে আলোচনা অব্যাহত রাখার ব্যাপারে অঙ্গীকার করেছে।

সীমান্তে ভারতের বেড়া নির্মাণ প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বলেন, আমি ভারতের পররাষ্ট্র সচিবকে ১৯৭৫’র নীতিমালা অনুসরণ করার কথা বলেছি। ওই নীতিমালা অনুযায়ী সীমান্তের ১৫০ গজের মধ্যে বেড়া নির্মাণ গ্রহণযোগ্য নয়।

বাংলাদেশের মাটিতে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের কার্যক্রম সম্পর্কে হেমায়েত উদ্দিন ভারতীয় পররাষ্ট্র সচিবকে বলেন, বাংলাদেশ অন্য কোন দেশের বিরুদ্ধে এর নিজস্ব সীমানাকে ব্যবহার করতে দেবে না।

তিনি বলেন, ঢাকা-শিলিগুড়ি, ঢাকা-গোহাটি, ঢাকা-শিলং রুটে বাস সার্ভিস চালু করার বাংলাদেশের প্রস্তাবে ভারত ইতিবাচক দৃষ্টিভঙ্গী প্রকাশ করে। ঢাকা-কাঠমুন্ডু বাস সার্ভিসকে সহজতর করার জন্যও তিনি ভারতের পররাষ্ট্র সচিবকে অনুরোধ জানান।

উভয় পক্ষই যৌথ সীমানা ওয়ার্কিং গ্রুপ এবং যৌথ কমিশনের কাজ শুরু করার ব্যাপারে সম্মতি প্রকাশ করেছে বলে পররাষ্ট্র সচিব সাংবাদিকদের জানান।

শুল্ক বর্হিভূত প্রতিবন্ধকতা এবং প্যারা ট্যারিফের কারণে বাংলাদেশ ভারতীয় বাজারে ৪০টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের সুবিধা গ্রহণ করতে পারছে না। এদিকে বাংলাদেশের ব্যবসায়ীরা মনে করে, এসব প্রতিবন্ধকতার কারণে বাংলাদেশের পণ্য ভারতের বাজারে প্রবেশে জটিলতার শিকার হচ্ছে।

বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম ভঙ্গ করে বাংলাদেশের লিড ব্যাটারির ওপর ভারত ১৩০ শতাংশ এন্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে। অথচ বাংলাদেশের লিড ব্যাটারির ভারতের বাজারে বেশ চাহিদা রয়েছে।