নীলফামারী প্রধান ডাকঘরে প্রায় সাড়ে চার কোটি টাকা আত্মসাতের জন্যে ৭ জনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল
নীলফামারী প্রধান ডাকঘরে একাউন্টস জালিয়াতির ঘটনায় গঠিত বিভাগীয় তদন্ত টিম চার কোটি ৩১ লাখ ৫৮ হাজার ১১৫ টাকা আত্মসাতের জন্যে গ্রেফতারকৃত এক সহকারী পোস্টমাস্টার, এক লেজার অপারেটর ও দুই কাউন্টার অপারেটরসহ সাত জনকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করেছে।
রংপুর অঞ্চলের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল রিয়াজুল ইসলামের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি দুই মাস ২০ দিন ধরে তদন্ত শেষে বুধবার রাজশাহী বিভাগীয় পোস্টমাস্টার জেনারেলের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
ডাক বিভাগের এডিশনাল ডাইরেক্টর জেনারেল মোবাস্বের-উর-রহমানের নেতৃত্বে সাত সদস্যের তদন্ত টিম ৩ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত তদন্ত করে বিভাগীয় নির্দেশে স্ব-স্ব দায়িত্বে ফিরে যায়। পরবর্তীতে ডাক বিভাগের রংপুর অঞ্চলের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল রিয়্জাুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের টিম গত ১৪ জুন থেকে তদন্ত শুরু করে ২২ জুন তদন্ত প্রতিবেদন দাখিল করে। জালিয়াতির মাধ্যমে সঞ্চয় হিসাবে ১ কোটি ৬০ লাখ ৫১ হাজার পাঁচ শ ৮৭ টাকা এবং সঞ্চয়পত্রের দুই কোটি ৭১ লাখ ছয় হাজার পাঁচ শ ২৭ টাকাসহ মোট চার কোটি ৩১ লাখ ৫৮ হাজার এক শ ১৫ টাকা আত্বসাতের অভিযোগে নীলফামারী প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার মীর নুরুল ইসলাম মুন্না, লেজার অপারেটর আহমেদুল ইসলাম রাজু, কাউন্টার অপারেটর লিয়াকত আলী, পোস্টাল অপারেটর তসলিম উদ্দীন, সাবেক লেজার অপারেটর গোলাম নবী, রংপুর ডেপুটি পোস্টমাস্টার জেনারেল অফিসে কর্মরত সহকারী পোস্টমাস্টার আব্দুস সালেক এবং কিশোরগঞ্জ উপজেলা পোস্টমাস্টার আজহারুল ইসলামকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করা হয়।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, নীলফামারী প্রধান ডাকঘরের সঞ্চয় হিসাব ও সঞ্চয়পত্র হিসাব থেকে জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমান অর্থ আত্মসাৎ এর অভিযোগে বিভাগীয় তদন্ত কমিটি গত ৩ এপ্রিল তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে জালিয়াতির মাধ্যমে ৫৬ লাখ ২২ হাজার টাকা আত্মসাতের ঘটনা উন্মোচিত হওয়ায় প্রধান ডাকঘরের পোস্ট মাষ্টার তোরাব উদ্দীন বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে নীলফামারী থানায় একটি মামলা দায়ের করেন।
পোষ্টাল অপারেটর তসলিম উদ্দীন ৫ এপ্রিল দুপুরে অফিস থেকে কৌশলে পালিয়ে যাওয়ার পর ৬ এপ্রিল সহকারী পোস্টমাষ্টার মীর নুরূল ইসলাম মুন্না ও লেজার অপারেটর আহমেদুল ইসলাম রাজুকে তদন্তকারী দল পুলিশে সোপর্দ করে। একই ঘটনায় কাউন্টার অপারেটর লিয়াকত আলী ১৩ এপ্রিল গ্রেফতার হয়।
এদিকে আত্মগোপন করে থাকা পোস্টাল অপারেটর তসলিম উদ্দীন হাইকোর্টে জামিনের আবেদন করলে মহামান্য বিচারকের পরামর্শে ৮ জুন নিম্ন আদালত নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করে জামিন চায়। বিজ্ঞ আদালত জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
