৩ টি সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও আহত ৫৫ জন
বুধবার গাজীপুর ও কুমিল্লায় তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত এবং প্রায় ৫৫ জন আহত হয়েছে। এরমধ্যে গাজীপুরে তিনজন এবং কুমিল্লায় চারজন নিহত হয়।
গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরের হোতাপাড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বুধবার দুপুরে একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। এতে আহত হয় আরও ২৫ জন যাত্রী।
এদের মধ্যে ১২ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের কোন পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষ্যদর্শীরা জানায় একটি কালভার্টের ওপর দিয়ে যাওয়ার সময় বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে বাসটি খাদে পড়ে যায়। এসময় মুষলধারে বৃষ্টি হচ্ছিলো। যে কারণে গ্রামবাসী ছুটে এলেও উদ্ধারকাজ কিছুটা ব্যহত হয়।
আহত যাদের পরিচয় জানা গেছে তারা হচ্ছে-ওহাব আলী (৩৫), জামেলা খাতুন (২৫), শামসুল হক (৩৫) শহীদ (১৬), লাবনী (৩৫), পলাশ (২২), শাহনাজ (৩০), হোসেন আলী (৪০), খোরশেদা (৩৫), আজাদ (৪০), ফাতেমা (৩৫), রওশন আরা (৩০), শিপন (২২), রমন কুমার (৩৫), ফারুক (২৫, রফিকুল (৩৫) ও শিরিন আক্তার (২০)।
কুমিল্লা প্রতিনিধি জানান, বুধবার বেলা পৌনে তিনটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোর্টবাড়ি ক্রসিংয়ে ঢাকা থেকে ফেনীগামি স্টারলাইনের একটি যাত্রীবাহি বাস পেপসি কোম্পানীর একটি পিক আপ ভ্যানকে ওভারটেক করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে তিনজন মারা যায়। আহত হয় প্রায় ৩০ জন যাত্রী। আহতেদর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
অপর এক ঘটনায় সদর উপজেলার সুয়াগাজিতে বুধবার বিকেলে একটি যাত্রীবাহি বাস উল্টে গিয়ে ঘটনাস্থলে একজন নিহত হয়।
