তিস্তার বাম তীরে ভাঙন: হুমকির মুখে লালমনিরহাটের ২টি ইউনিয়ন
তিস্তার পানি বেড়ে যাওয়ায় লালমনিরহাটের রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নে নদী ভাঙন শুরু হয়েছে।
কয়েকদিনের প্রবল বর্ষণে তিস্তার বাম তীর সংরক্ষণ বাধে ফাটল দেখা দিয়েছে। এতে মারাত্মক হুমকির মুখে পড়েছে রাজপুর ইউনিয়নের তিনটি গ্রাম।
সরেজমিন পরিদর্শনে মঙ্গলবার দেখা যায়, তিস্তার পানি বেড়ে যাওয়ায় প্রবল স্রোতে রাজপুরে পাঁচ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত বাধের ৫ নম্বর স্পারের তিনটি স্থানে ফাটল দেখা দিয়েছে। এ স্পারটি ভেঙ্গে পড়লে প্রবল স্রোতে তিস্তা রেলওয়ে ব্রীজ ও বন্দর নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।
অন্যদিকে খুনিয়াগাছ ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ড নির্মিত তিস্তার বাম তীর সংরক্ষণ বাধের সিসি ব্লক ধ্বসে যাচ্ছে। এতে স্থানীয় বাজারটি হুমকির মুখে পড়েছে।
এদিকে তিস্তার পানি বেড়ে যাওয়ায় খুনিয়াগাছ ইউনিয়নের হরিনচওড়া, তালপট্টি, বেতপট্টিসহ ১২ গ্রামের প্রায় ১০ হাজার লোক পানিবন্দি হয়ে পড়েছে।
এ ব্যাপারে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী জমশেদ আলী জানান, পাউবো প্রকৌশলীরা সার্বক্ষণিকভাবে তিস্তা নদীর পানি প্রবাহ পর্যবেক্ষণ করছেন।
