দেশের সবজি রপ্তানি আয় এক বছরের ব্যবধানে তিনগুণ
দেশে সবজি রপ্তানি থেকে আয় মাত্র এক বছরের ব্যবধানে তিন গুণ বেড়েছে, সমপরিমাণে বেড়েছে উৎপাদনও। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে অপ্রচলিত এ পণ্যটির রপ্তানি নয়া সম্ভাবনা হিসেবে দেখা দিয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো সূত্রে জানা গেছে, ২০০৪-০৫ অর্থ বছরের মার্চ পর্যন্ত বাংলাদেশ ২১ হাজার ৭ শ ৭৫ মে.টন সবজি রপ্তানি করে। এ থেকে আয় হয়েছে ৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার। ২০০৩-০৪ অর্থ বছরে এ আয়ের পরিমাণ ছিল প্রায় ১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। ওই বছর ৮ হাজার ৩শ ৪৮ মে.টন সবজি রপ্তানি হয়।
বাংলাদেশের সবজির সবচেয়ে বড় ক্রেতা যুক্তরাষ্ট্র, সউদি আরব, কুয়েত, ব্রুনাই, ওমান, ইতালি, যুক্তরাজ্য, জার্মানি, সিঙ্গাপুর ও পাকিস্তান। এছাড়া আরও ২০ টি দেশ বাংলাদেশ থেকে এ বছর সবজি আমদানি করেছে। সুস্বাদু ও পুষ্টিকর হওয়ায় বাংলাদেশের সবজির চাহিদা বিদেশের বাজারে দ্রুত বাড়ছে বলেও রপ্তানিকারকরা জানিয়েছেন।
জানা গেছে, প্রচলিত ও অপ্রচলিত মিলে বাংলাদেশ থেকে বর্তমানে ২৭ রকম পণ্য রপ্তানি হচ্ছে। সবজি অপ্রচলিত পণ্য রপ্তানির তালিকায় বড় অবস্থানে রয়েছে। দেশে সবজি চাষাবাদের উর্বর ভূমি ও অনুকূল পরিবেশ রয়েছে। রপ্তানিকারকরা বলছেন, সবজি ও কাঁকড়াসহ বিভিন্ন ধরনের অপ্রচলিত পণ্যের উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানি জোরদারের প্রতি আন্তরিক হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সহজ হবে।
