বিদ্যুৎ চুরি ঠেকাতে নতুন আইন কার্যকর ভূমিকা পালন করবে
অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারী, মিটার জালিয়াতি ও অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ গ্রহণকারীদের শাস্তি প্রদানের জন্য নতুন একটি আইন প্রনয়নের অনুমোদন দিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত মন্ত্রী পরিষদের নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।
‘বিদ্যুৎ (সংশোধনী) আইন ২০০৫’ নামের নতুন আইনটির একটি খসড়া শিগগিরই জাতীয় সংসদে পেশ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
প্রস্তাবিত নতুন আইনে বিদ্যুৎ চুরির সাথে যেকোন সংশ্লিষ্টতার জন্য সর্বনিম্ন শাস্তির বিধান রাখা হয়েছে একবছর কারাদন্ড এবং দশ হাজার টাকা জরিমানা। আর সর্বোচ্চ শাস্তি হবে পাঁচ বছর কারাদন্ড ও বিশ হাজার টাকা জরিমানা।
এছাড়া বিদ্যুতের তার, খুঁটি, মিটার, ট্রান্সফরমার ও অন্যান্য সরঞ্জাম চুরির ক্ষেত্রে অপরাধীদের একই শাস্তি ভোগ করতে হবে।
অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের বিরুদ্ধে একটি আইন থাকলেও তাতে ন্যুনতম কোন শাস্তির বিধান নেই। এছাড়া পুরনো আইনের দ্বারা এ ধরনের অপরাধের সাথে জড়িত পিডিবি, ডেসা ও ডেসকোর কর্মকর্তা-কর্মচারিদের দমন করা সম্ভব হয় না।
বিদ্যুতের মিটার টেম্পারিং ও অবৈধ সংযোগসহ যেকোন প্রকার চুরি ঠেকাতেই নতুন বিদ্যুৎ আইন প্রনয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
