২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে এইডস আক্রান্ত মায়েরা শিশুদের পরিত্যাগ করছে

পুনে ভিত্তিক দত্তক গ্রহণ সমন্বয় এজেন্সি (এসিএ) আয়োজিত এক কর্মশালায় প্রকাশিত তথ্যে জানা যায়, ভারতে ক্রমবর্ধমান এইডস আক্রান্ত মায়েরা তাদের সন্তানদের দত্তক দিয়ে দিচ্ছে। দত্তক দেওয়া শিশুদের মধ্যে পরে ৭০ শতাংশ শিশু এইডসমুক্ত থাকে।

প্রদীপ চৌধুরী

কনট্রিবিউটিং প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2005, 08:17 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

এসিএ’র চেয়ারপার্সন এবং কর্মশালার আয়োজক নিশিতা শাহ শিশুদের পরিত্যাগের প্রধান কারণ হিসেবে সামাজিক কলঙ্কের ভয়কে দায়ি করেছেন। তিনি বলেন, বেশিরভাগ মহিলারাই পরিস্থিতির শিকার।

এসিএ’র পরিসংখ্যান সম্ভবত সমগ্র পরিস্থিতির একটি ক্ষুদ্র চিত্র। কেননা তারা শুধুমাত্র বৈধ দত্তক গ্রহণের বিষয়ে অবগত করেছে। এতে দেখা যায় প্রথম পাঁচ বছরে প্রায় ৮০ জন এইডস আক্রান্ত শিশুকে দত্তক দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৫৪ জন শিশুকে দত্তক নিয়েছে ভারতীয় কোন বাবা-মা এবং অবশিষ্ট ২৫ জন শিশুকে দত্তক দিয়েছে বিদেশীরা। ওই সব বিদেশীদের মধ্যে আবার বেশিরভাগই যুক্তরাষ্ট্র ও স্কান্ডেনেভিয়ান অঞ্চলের।

ক্রমবর্ধমান শিশু পরিত্যাগের বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। জাতীয় এইডস গবেষণা ইন্সটিটিউটের ড. গঙ্গা খেদকার জানান, এলিজা টেস্টে দেখা যায় প্রথম ১৫ মাসের মধ্যে শিশুদের এইডস আকান্ত হতে পারে। কিন্তু এই সময়ের মধ্যে না হলে পরে তাদের মধ্যে এইডস সংক্রমণ নাও হতে পারে। কেননা প্রথম দৃষ্টান্তে শিশুরা তাদের মায়েদের কাছ থেকে এন্টিবডিস পেয়ে থাকে ১৫ মাস পরে যা নষ্ট হয়ে যায়। এ শিশুদের বলা হয় সেরোকনভেন্ট।

খেদকারের মতে, এইডস আক্রান্ত মায়ের কাছ থেকে শিশুদের মধ্যে এইডস সংক্রমণের সম্ভাবনা ৩০ শতাংশ। কিন্তু, নিয়মিত যত্ন, চিকিৎসা এবং পরিকল্পিত সিজারিয়ান সেকশনের মাধ্যমে এ সম্ভাবনা ২০ শতাংশে নামিয়ে আনা সম্ভব।

এমনকি ১৫ মাস পরেও (অনেক ডাক্তার অবশ্য বলেন ১৮ মাস) কোনও শিশুর যদি নতুন এন্টিবডিস থাকে তাহলে তা হবে ওই শিশুর এইডস সংক্রমণের সংকেত।

এসিএ জানায়, এইডস আকান্ত মায়ের শিশুদের জন্য পর্যাপ্ত যত্নের জন্য তিনটি বিষয় কাউন্সেলিং, যত্ন ও সমর্থন এবং চিকিৎসাসহ পর্যাপ্ত পুষ্টি এবং এন্টিভাইরাল স্বাস্থ্য বিধান নিশ্চিত করতে হবে।