চুয়াডাঙ্গার বেলগাছিতে পুলিশের সাথে ক্রসফায়ারে ’বোমাবাজ মিজান’ নিহত
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার বেলগাছিতে শুক্রবার রাতে পুলিশের সাথে ক্রসফায়ারে ’বোমাবাজ মিজান’ (৩৫) নিহত হয়েছে।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি শাটারগান, সাত রাউণ্ড গুলি ও ১১ রাউণ্ড গুলির খোসা উদ্ধার করেছে।
ইতোপূর্বে আলমডাঙ্গা থানা পুলিশ স্থানীয় বিএনপি অফিসের সামনে বোমা বিস্ফোরণ ঘটানোর অভিযোগে শুক্রবার দুপুরে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, বুধবার রাতে আলমডাঙ্গার বিএনপি অফিসের সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় গোবিন্দপুর গ্রামের ঠাণ্ডু ফকিরের ছেলে লাল্টু গুরুতর আহত হয়, তার ডান হাতের কনুই পর্যন্ত কেটে ফেলতে হয়েছে।
পুলিশের জিজ্ঞাসাবাদে লাল্টু স্বীকার করেছে যে, বোমা বিস্ফোরণের ঘটনায় মিজান তার সহযোগী ছিল।
লাল্টুর দেয়া তথ্য অনুযায়ী পুলিশ শুক্রবার দুপুরে মিজানকে হতিসপুর এলাকা থেকে গ্রেফতার করে।
পরে মিজানকে জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্য অনুযায়ী পুলিশ বেলগাছি এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে সন্ত্রাসীরা তাদের ওপর চড়াও হয়।
পুলিশও পাল্টা গুলি চালায়। দুপক্ষের মধ্যে গুলি বিনিময় কালে মিজান ঘটনাস্থলেই নিহত হয়। তার লাশ মর্গে পাঠানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাছেত বিডিনিউজকে জানান, নিহত মিজানের বিরুদ্ধে হত্যাসহ বেশ কিছু মামলা রয়েছে।
