২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬৪,৩৮৩ কোটি টাকার নির্বাচনী বাজেট ঘোষণা

অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বৃহস্পতিবার জাতীয় সংসদে ৬৪ হাজার ৩ শ’ ৮৩ কোটি টাকার ২০০৫-০৬ অর্থ বছরের জাতীয় বাজেট প্রস্তাব পেশ করেছেন। বেশকিছু খাতে কর-শুল্ক হ্রাস ও মওকুফের ঘোষণা দিলেও অর্থমন্ত্রী তার বাজেট পরিকল্পনায় ১৬ দশমিক ৬ শতাংশ আয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2005, 09:47 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

কর প্রশাসন সংস্কার, কর ফাঁকি রোধ এবং সরাসরি করের আওতা বৃদ্ধির মাধ্যমে তিনি অভ্যন্তরীণ সম্পদ বাড়ানো প্রচেষ্টা নিয়েছেন। সাধারণ নির্বাচনকে সামনে রেখে উচ্চ হারের উন্নয়ন ব্যয় পরিকল্পনার ঘোষণা দিয়েছেন তিনি।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায় হবে ৩৫ হাজার ৫শ’ ২৩ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জন্য বরাদ্ধ রাখা হয়েছে ২৪ হাজার ৫শ’ কোটি টাকা । এছাড়া দুই হাজার ৫ শ’ ৫৯ কোটি টাকার অনুন্নয়ন মূলধন ব্যয় এবং ১ শ’ ৫৮ কোটি খ্যাদ্য খাতে বরাদ্দ করা হয়েছে।

এছাড়া এতে মোট উন্নয়ন ব্যয়ের পরিমান ধরা হয়েছে ২৬ হাজার ৫ শ’ ৫৪ কোটি টাকা। এরমধ্যে ৭ শ’ ৯০ কোটি টাকা অনুন্নয়ন খাতে, ৪ শ’ ৯১ কোটি টাকা এডিপি বহির্ভূত কর্মসংস্থান বৃদ্ধি কর্মসূচি এবং ৭ শ’ ৭৩ কোটি টাকা কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি খাতে বরাদ্দ করা হয়েছে।

জাতীয় সংসদে উত্থাপিত এটি সাইফুর রহমানের ১১ তম বাজেট।

চলতি বাজেটে অর্জিত রাজস্ব আয়ের ১৬ দশমিক ৪৫ শতাংশ প্রবৃদ্ধি ধরা হয়েছে প্রস্তাবিত বাজেটে। রাজস্ব প্রবৃদ্ধির এই ধারা চলতি বছরেও অব্যহত রয়েছে। তবে অর্থমন্ত্রী সরাসরি কর আদায়ের বিভিন্ন পদ্ধতি তুলে ধরেছেন তার বাজেট প্রস্তাবে। এতে ব্যক্তিক এবং প্রতিষ্ঠানিক করের ভিত্তি বাড়ানো, কর সংগ্রহ ও আদায় প্রক্রিয়া সহজ করার মাধ্যমে রাজস্ব বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা বলা হয়।

বাজেট প্রস্তাবে বিভিন্ন ব্যাংকিং এবং নন ব্যাংকিং প্রতিষ্ঠানে আমানত সংগ্রহে যে পরিমান সুদ বা মুনাফা দিয়ে থাকে তার ওপর ১০ শতাংম কর ধার্য করার প্রস্তাব করা হয়। স্টক এক্সচেঞ্জ সদস্যদের শেযার ক্রয় ও বিক্রয়ের মোট মূল্যের ওপর দশমিক ০১৫ শতাংশ আয়কর কর্তন এবং বহুতল ভবনের প্রতি বর্গমিটারের জন্য ১৭৫ টাকা কর সংগ্রহের প্রস্তাব করা হয়। জমির দলিলিক মূল্যের ওপর ২ দশমিক ৫ শতাংশ হারে, ইটের ভাটার উৎপাদন ক্ষমতার ভিত্তিতে লাইসেন্স ইস্যু ও নবায়ন এবং কম্পিউটার সফটওয়ার ব্যবসায় আযের ওপর ১০ শতাংশ কর হ্রাসের প্রস্তাব করা হয়।

অর্থমন্ত্রী দেশীয় শিল্প সহায়তায় কাঁচামাল, মধ্যবর্তী পণ্য এবং মূলধনী যন্ত্রপাতির জন্য আমদানী শুল্ক হৃাসের প্রস্তাব করেন।

তিনি স্বচ্ছতা ও দক্ষতা অর্জনে মূল্য সংযোজন কর আইনের বিভিন্ন ধারার সংশোধনীর প্রস্তাব করেন। একই সঙ্গে কৃষি ও দেশীয় শিল্পের সহায়তায় কিছু পণ্যের ক্ষেত্রে ভ্যাটের হার হ্রাসের প্রস্তাব দেন।

রাজস্ব বাজেটে সরকারি কর্মচারিদের জন্য সর্বোচ্চ সাত হাজার ৩৬৩ কোটি, অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদের জন্য ৭,০৪৭ কোটি, শিক্ষা ও প্রযুক্তি খাতে ছয় হাজার ৩৭১ কোটি, প্রতিরক্ষা খাতে চার হাজার ২৪৫ কোটি, আইন শৃঙ্খলা ও নিরাপত্তা খাতে ২,৯৫৬ কোটি, যোগাযোগ ও পরিবহন খাতে ২,৪৩৮ কোটি, কৃষি খাতে ২,১২৭ কোটি, স্বাস্থ্য খাতে ২,০৬৩ কোটি এবং সামাজিক নিরাপত্তা কল্যাণ খাতে ১,৯৭৭ কোটি টাকা বরাদ্দ করা হয়।

উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে। এই খাতে বরাদ্দ দেওয়া হয় ৫,২৪৬ কোটি টাকা। এছাড়া জ্বালানি খাতে ৪,২৭০ কোটি, যোগাযোগ ও পরিবহন খাতে ৪,১৬৫ কোটি শিক্ষা ও প্রযুক্তি ৩,৩১৫ কোটি, কৃষি খাতে ২,৬০২ কোটি এবং স্বাস্থ্য খাতে ২,১৭৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়।

সাইফুর রহমান সামাজিক খাতে বিভিন্ন ধরণের কর্মসূচি প্রস্তাব করেন। তার প্রস্তাবনা অনুযায়ী, কর্মসংস্থান বৃদ্ধি, দারিদ্র হ্রাস এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে চার হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।

তিনি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য সন্মানী তহবিল বাড়ানোর প্রস্তাব করেন। একই সঙ্গে তিনি গৃহহীনের জন্য গৃহ, ভিজিডি, ভিজিএফ এবং কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচিতে অর্থ বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করেন। অর্থমন্ত্রী এসব কর্মসূচির মাধ্যমে অস্বচ্ছল ও দরিদ্র জনগোষ্ঠির আয় বৃদ্ধির সুযোগ বাড়বে বলে আশা প্রকাশ করেন।