৬৪ হাজার ৩৮৩ কোটি টাকার নির্বাচনী বাজেট ঘোষণা
অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বৃহস্পতিবার জাতীয় সংসদে ৬৪ হাজার ৩ শ’ ৮৩ কোটি টাকার ২০০৫-০৬ অর্থ বছরের জাতীয় বাজেট প্রস্তাব পেশ করেছেন।
বেশকিছু খাতে কর-শুল্ক হ্রাস ও মওকুফের ঘোষণা দিলেও অর্থমন্ত্রী তার বাজেট পরিকল্পনায় ১৬ দশমিক ৬ শতাংশ আয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন।
কর প্রশাসন সংস্কার, কর ফাঁকি রোধ এবং সরাসরি করের আওতা বৃদ্ধির মাধ্যমে তিনি অভ্যন্তরীণ সম্পদ বাড়ানো প্রচেষ্টা নিয়েছেন। সাধারণ নির্বাচনকে সামনে রেখে উচ্চ হারের উন্নয়ন ব্যয় পরিকল্পনার ঘোষণা দিয়েছেন তিনি।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায় হবে ৩৫ হাজার ৫শ’ ২৩ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জন্য বরাদ্ধ রাখা হয়েছে ২৪ হাজার ৫শ’ কোটি টাকা । এছাড়া দুই হাজার ৫ শ’ ৫৯ কোটি টাকার অনুন্নয়ন মূলধন ব্যয় এবং ১ শ’ ৫৮ কোটি খ্যাদ্য খাতে বরাদ্দ করা হয়েছে।
এছাড়া এতে মোট উন্নয়ন ব্যয়ের পরিমান ধরা হয়েছে ২৬ হাজার ৫ শ’ ৫৪ কোটি টাকা। এরমধ্যে ৭ শ’ ৯০ কোটি টাকা অনুন্নয়ন খাতে, ৪ শ’ ৯১ কোটি টাকা এডিপি বহির্ভূত কর্মসংস্থান বৃদ্ধি কর্মসূচি এবং ৭ শ’ ৭৩ কোটি টাকা কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি খাতে বরাদ্দ করা হয়েছে।
জাতীয় সংসদে উত্থাপিত এটি সাইফুর রহমানের ১১ তম বাজেট।
