২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্ধারিত সময়ের আগে সাধারণ নির্বাচন হতে পারে: ড. কামাল

বাংলাদেশের সংবিধান প্রণেতা এবং গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন আভাস দিয়েছেন, আগামী জাতীয় নির্বাচন নির্ধারিত সময়ের আগে ২০০৬ সালের শুরুতে অনুষ্ঠিত হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস. সামাদ, নিজস্ব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2005, 04:35 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

বিশিষ্ট আইনজীবী ড. কামাল বলেন, এ বছরের নভেম্বর বা ডিসেম্বর মাস নাগাদ তত্ত্বাবধায়ক সরকার দায়িত্বভার গ্রহণ করতে পারে।

সম্প্রতি কানাডায় এক অনুষ্ঠানে ড. কামাল আরও বলেন, নির্বাচন ছয় মাসের মধ্যেও অনুষ্ঠিত হতে পারে। তবে তিনি জোর দিয়ে বলেন, নির্ধারিত সময়ের ১৮মাস আগে অবশ্যই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

মন্ট্রিলে সাপ্তাহিকী ‘দেশে-বিদেশে’ আয়োজিত সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত তত্ত্বাবধায়ক সরকারের সংষ্কারের প্রয়োজনীয়তার ওপর এক সেমিনারে দেওয়া বক্তব্যে ড. কামাল হোসেন এ কথা বলেন।

নির্বাচনী সংস্কার প্রস্তাবনায় সকল বিরোধী রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হবেন বলে তিনি বিশ্বাস করেন। তিনি মনে করেন, প্রস্তাবনাটি বাস্তবায়ন করতে ছয় মাসের বেশি সময় লাগার কথা নয়।

প্রস্তাবনায় নির্বাচনী আচরণবিধি এবং নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতা ও স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

নির্বাচন কমিশন সংস্কারে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতার ব্যাপারে ড. কামালকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ঘটনাচক্রে এ সংস্কার উদ্যোগের সাথে আর্ন্তজাতিক ক্ষেত্রের সমর্থনের ব্যাপারটি সম্পৃক্ত।

যখন রাজনৈতিক সরকারের অধীনে ভোটাররা ভোট দিতে বাধাপ্রাপ্ত হয় এবং নির্বাচনে কারচুপি হয়, তখন দেশের জনগণ নীরব দর্শকের ভূমিকায় থাকতে পারে না। তিনি মন্তব্য করেন, খেলার মাঠে দর্শকরা প্রত্যাশা করে, আম্পায়ার বা রেফারি নিরপেক্ষ ভূমিকায় অবতীর্ণ হবে। কিন্তু এর বিপরীতটি ঘটলে নিরপেক্ষ খেলা দুরাশাই থেকে যায়।

সেমিনারে সাংবাদিক সালিম সামাদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে আলোচনায় অংশ নেন অর্থনীতিবিদ ড. আব্দুল মোমেন, ব্যারিস্টার রেজাউর রহমান, ড. সৈয়দ তারেক আলী, কার্লটন বিশ্ববিদ্যালয়ের নাসিম সায়েদি এবং মুনিরুজ্জামান খোকন। সেমিনারে সঞ্চালকের ভূমিকা পালন করেন দেশে বিদেশের সম্পাদক তাজুল মুহাম্মদ।

কানাডার অটোয়া বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে এক সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে আর্ন্তজাতিক মানবাধিকার ব্যক্তিত্ব ড. কামাল হোসেন কানাডা সফরে আসেন।

কানাডার বিচার বিষয়ক মন্ত্রী ইরউইন কটলিয়ার ড. কামাল’র সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন। ওই নৈশভোজে কানাডার পররাষ্ট্রমন্ত্রী এবং সরকার ও বিরোধী দলের সাংসদরা উপস্থিত ছিলেন।