কুমিল্লায় সাংবাদিক হত্যাকাণ্ডের ময়না তদন্ত রিপোর্ট প্রকাশ: আইয়ুব আলী তিনদিনের রিমান্ডে
কুমিল্লায় দৈনিক কুমিল্লা মুক্তকণ্ঠ’র সম্পাদক গোলাম মাহফুজ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতারকৃত আইয়ুব আলীকে মঙ্গলবার তিনদিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে।
মামলার ক্লু বের করার স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্যে পুলিশ মঙ্গলবার ম্যাজিস্ট্রেট কোর্টে সাত দিনের রিমান্ডের আবেদন জানায়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইয়ুব আলীকে জিজ্ঞাসাবাদের জন্যে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেফতারকৃত অপর দুজন রিপন আচার্য্য এবং সুভাষ আচার্য্যকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ গ্রেফতারকৃত তিনজনকে প্রথমে তিনদিন এবং পরে আরও দুইদিন রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। আইয়ুব আলীর স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ হত্যাকাণ্ডের পরদিন দুপুরে হত্যাকাণ্ডের ঘটনাস্থলের পাশের একটি পুকুর থেকে একটি ধারালো চাপাতি উদ্ধার করে।
বুধবার গোলাম মাহফুজ হত্যার ময়না তদন্তের রিপোর্ট প্রকাশ করা হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. কামদা প্রসাদ সাহা ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ করেন। তদন্ত রিপোর্টে জানানো হয়, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে মাহফুজকে হত্যা করা হয়েছে।
