২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেতু ও ফেরি সার্ভিসের টোল আদায়ে ৫ বছরে সরকারের ৬২ কোটি ৪১ লাখ টাকার ক্ষতি: তদন্ত প্রতিবেদন

সড়ক ও জনপথ বিভাগের ১৩টি সেতু ও ফেরি সার্ভিসের টোল আদায়ে ৫ বছরে ৬২ কোটি ৪১ লাখ টাকার অনিয়ম ও ক্ষতি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2005, 07:33 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

১৯৯৯ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত এ ব্যাপারে মোট ২৭টি অডিট আপত্তি নিরীক্ষায় ওই বিপুল পরিমান অনিয়ম এবং ক্ষতি ধরা পড়ে। মহাহিসাব ও নিরক্ষক কার্যালয়ের বিশেষ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদন সূত্রে জানা যায়, মেয়াদ শেষে ইজারার কিস্তি অনাদায়ে প্রায় ১১ কোটি ৩৭ লাখ ৯৬ হাজার টাকার আর্থিক ক্ষতির শিকার হয়েছে সরকার। টোল আদায়ের পর সরকারি কোষাগারে জমা পড়েনি প্রায় ৬৫ লাখ ৭৭ হাজার টাকা। ৫ লাখ ৫০ হাজার টাকার বাজেয়াপ্ত আর্নেস্ট মানি রাজস্ব খাতে জমা দেওয়া হয়নি।

এতে আরো বলা হয়, সরকারি নির্দেশে নির্ধারিত হারের কম টোল আদায়ের সিদ্ধান্তে মোট ৮ মোট ২৭ লাখ ৮৬ হাজার টাকার রাজস্ব কম আদায় হয়েছে। ইজারা না দিয়ে বিভাগীয় ব্যবস্থাপনায় রাজস্ব আদায়ে ঘাটতি হয়েছে প্রায় ২৮ লাখ টাকা। ৩২ কোটি ১ লাখ ২৮ হাজার ক্ষতি হয়েছে প্রকৃত ইজারা মূল্যের চেয়ে কম দরে ইজারা দেওয়ায় এবং ইজারা মূল্য আদায়ের কারণে।

প্রতিবেদন অনুযায়ী, সেতু নির্মাণ হওয়ার পর একই প্রতিষ্ঠানকে ইজারার দায়িত্ব দেওয়ায় সরকারের আর্থিক ক্ষতি হয়েছে ৫ কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকা। সেতুগুলো হচ্ছে : ঢাকার বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু, চট্টগ্রামের শাহ আমানত সেতু, নারায়ণগঞ্জের মেঘনা ও মেঘনা-গোমতি সেতু, গোপালগঞ্জের মোল্লারহাট সেতু, সিলেটের শেরপুর ও এমএ খান লামাকাজি সেতু, কিশোরগঞ্জের ভৈরব সেতু, ঝালকাঠির গাবখান সেতু, পিরোজপুরের বলেশ্বর সেতু ও চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর মহানন্দা সেতু।

এছাড়া ফেরি সার্ভিসে টোল আদায়ে অনিয়ম হয়েছে, এমন ফেরি সার্ভিসগুলো হচ্ছে: পিরোজপুরের বেকুটিয়া ফেরি, মুন্সিগঞ্জের মুক্তারপুর ফেরি ঘাট, ঝালকাঠির দপদপিয়া ফেরি ঘাট এবং খুলনার রূপসা ও বাটিয়াঘাটা ফেরি সার্ভিস।

প্রতিবেদনে যথাযথভাবে ইজারা প্রদান এবং অর্থ আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার সুপারিশ করা হয়।