২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদিআরবে বিদেশী কর্মী নিয়োগ বিষয়ক উচ্চ পর্যায়ের কমিটি গঠন

সৌদিআরব বিদেশ থেকে জনশক্তি আমদানির ব্যাপারে শ্রম মন্ত্রণালয়ের আওতায় একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। কমিটি বিদেশ থেকে জনশক্তি আমদানি সহজীকরণ এবং যেসব জনশক্তি রফতানি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তা তদন্ত করে দেখবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2005, 03:38 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

সৌদি শ্রমমন্ত্রী গাজি আল গোসাইবি বলেন, শ্রম মন্ত্রণালয়ে দরখাস্ত জমা পড়ার পর কমিটি সেগুলোকে যাচাই বাছাই করবে এবং ঠিক কী পরিমাণ জনশক্তি প্রয়োজন, তা নির্ধারণ করবে। এছাড়া উচ্চ পর্যায়ের ওই কমিটি অভিযোগের বিষয়গুলোও তদন্ত করে দেখবে।

প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী অভিজ্ঞ ও দক্ষ বিদেশী জনশক্তি নিয়োগে কমিটি সহজীকরণের উদ্যোগ নেবে।

বিদেশি বিনিয়োগকারীদের অভিযোগ, ব্যাপক সংখ্যক দক্ষ ও অভিজ্ঞ শ্রমিকের অভাবে তারা সৌদিআরবে তাদের প্রতিষ্ঠান চালু করতে পারছে না।

সৌদি শ্রমমন্ত্রী আল-গোসাইবি বলেন, ব্যবসায়ীদের ঠিক কী প্ররিমাণ বিদেশি জনশক্তি প্রয়োজন, সেটি নিরূপণ এবং তাদের সমস্যাদি নিয়ে আলোচনার জন্যই আমরা এই কমিটি গঠন করেছি।

তিনি আরও বলেন, সরকারের নিয়মনীতি অনুযায়ী প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে কিনা এবং জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধিতে ওই প্রতিষ্ঠান কতটুকু অবদান রাখবে, কমিটি সেটিও পর্যবেক্ষণ করবে। সৌদি শ্রমমন্ত্রী আরও জানান, বেকার সৌদি নাগরিকদের অধিক কর্মসংস্থানের জন্যে জনশক্তি আমদানিতে সরকারের নিষেধাজ্ঞা থাকলেও বিদেশি জনশক্তি আমদানি বন্ধের ব্যাপারে তাদের কোনও পরিকল্পনা নেই।

প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী কামরুল ইসলামের সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে বলেন, ওই কমিটি বিদেশী শ্রমিকদের কারিগরি দক্ষতার ওপর জোর দেবে তবে বাংলাদেশে এখনও কারিগরি দক্ষতা সম্পন্ন শ্রমিকের অভাব রয়েছে।

মন্ত্রী আরও বলেন, সৌদি আরবে তের লাখ শ্রমিক বর্তমানে কর্মরত রয়েছে। চলতি বছর সেদেশে আরও এক লাখ ২০ হাজার বাংলাদেশী শ্রমিক যোগ দেবে।