বরিশালে ডাবল মার্ডার মামলার রায়ে ৩ জনের ফাঁসি, ২ জনের যাবজ্জীবন
জেলার বাকেরগঞ্জ উপজেলার দুজনকে পুড়িয়ে হত্যা মামলার রায়ে আদালত তিন জনের ফাঁসি, দু’জনের যাবজ্জীবন এবং অপর ৩ জনকে ১০ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেছে।
বুধবার বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান জনাকীর্ণ আদালতে এ রায় দেন।
আদালত হত্যা মামলায় আসামী কামরুল ইসলাম, বারেক মোল্লা, স্বপন তালুকদারকে ফাঁসি, রফিক খলিফা ও কালাম খলিফাকে যাবজ্জীবন এবং মো. নূরুল ইসলাম, সুলতান আলী খান ও লিটন ওরফে লিটুকে ১০ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেছে। দণ্ডপ্রাপ্ত আসামীদের মধ্যে স্বপন তালুকদার ও লিটু পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, ২০০১ সালের ১৮ জুলাই রাতে বাকেরগঞ্জ বালিগ্রামের নিরঞ্জন মণ্ডলের বাড়িতে একদল সশস্ত্র ডাকাত প্রবেশ করে। পরে ডাকাতদল ঘরের বিছানাপত্র একত্র করে আগুন ধরিয়ে দেয়। এক পর্যায়ে নিরঞ্জনের ছেলে ঝণ্টু (৩০), দুলাল (৪০), মিণ্টু (৩৫), পুত্রবধূ মলিনী এবং শ্যালিকা ধ্রুপদী (৪০) কে হাতপা বেঁধে আগুনে নিক্ষেপ করে। শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঝণ্টু ও ধ্রুপদী মারা যান। এ ব্যাপারে নিরঞ্জন বাদি হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
