২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ অসন্তোষ নিরসনে রাজারবাগ পুলিশ লাইন ছুটে গেলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

পুলিশের বেতন বৈষম্য নিয়ে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন অডিটেরিয়ামে একটি বৈঠক করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2005, 09:54 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

গত তিন দিন ধরে রাজারবাগ ও মিরপুর পুলিশ লাইনের পুলিশ সদস্যরা একপ্রকার ‘অবরুদ্ধ’।

একটি সূত্র জানায়, রাজারবাগের ১২,০০০ এবং মিরপুর পুলিশ লাইনের আরও ৫,০০০ পুলিশ সদস্যকে বিশেষ অনুমতি ছাড়া বাইরে যেতে দেওয়া হচ্ছে না। বেতন বৈষম্যের প্রতিবাদ করায় রাজারবাগের ২,০০০ পুলিশ সদস্যের ওপর কড়া নজর রাখা হয়েছে।

এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বেতন কাঠামো নিয়ে পুলিশ অসন্তোষের কথা অস্বীকার করেন।

তিনি বলেন “ আমি রাজারবাগ পুলিশ লাইনে আজকে কয়েকবার গিয়েছি। কিন্তু পুলিশ অসন্তোষের ব্যাপারে কোন কিছু চোখে পড়েনি”।

তিনি আরও বলেন, পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

নতুন ঘোষিত বেতন স্কেলে তুলনামূলকভাবে পুলিশ কনস্টেবল ও সিপাহিদের বেতন কম হওয়ায় এ অসন্তোষের সৃষ্টি হয়।

একইরকম শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও একজন পুলিশ কনস্টেবল ও সিপাহি সেনা কনস্টেবল ও সিপাহির তুলনায় কম বেতন পান।

পুলিশ ও বাংলাদেশ রাইফেলস’র সিপাহি ও কনস্টেবলরা মাসিক ১,৬২৫ টাকা বেতন পান।

নতুন বেতন কাঠামোতে পুলিশের বেতন বেড়ে দাঁড়িয়েছে ২,৬০০ টাকা। যেখানে সেনা কনস্টেবলের বেতন বেড়ে হয়েছে ৩,১৫০ টাকা।

একজন পুলিশ কনস্টেবল বলেন, ‘এটা অবিচার’। তিনি আরও বলেন, আমরা সব সময়ই কাজ করে যাচ্ছি তারপরও সেনা সিপহিরা আমাদের তুলনায় বেশি সুযোগ সুবিধা ভোগ করছে।

রাজারবাগ পুলিশ লাইনের একজন সিপাহি বলেন, গত শনিবার থেকে পরিস্থিতি খারপ হতে শুরু করলে কর্তৃপক্ষ ব্যারাকের ভিতর সমবেত হতে অঘোষিত নিষেধাজ্ঞা আরোপ করে।

এই পরিস্থিতি নিরসনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর পুলিশ সদস্যদের সাথে বৈঠক করেন।

বিডিনিউজের সাথে আলাপকালে পুলিশের বেশ কয়েকজন সদস্য জানান, পুলিশ অসন্তোষের প্রেক্ষিতে সরকার পুলিশ লাইনগুলোতে নিরাপত্তা জোরদার করেছে। রাজারবাগ ও মিরপুর পুলিশ লাইনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ডিজিএফআইসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের পাঠানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে।

ভীত সন্ত্রস্ত হয়ে পড়া কয়েকজন পুলিশ কনস্টেবল বলেন যে, তাদের সহকর্মী ও সাংবাদিকদের সাথে বেতন কাঠামো নিয়ে আলাপ করলে তাদেরকে চাকরিচ্যুত করা হবে বলে কর্তৃপক্ষ হুমকি দিয়ে যাচ্ছে।

একজন পুলিশ সদস্য বলেন, গোয়েন্দা সংস্থার লোকজনের কঠোর নজরদারির কারণে আমরা আমাদের বন্ধুদের সাথে মন খুলে গল্প করতে পারছি না।