২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান বাহিনীর ফাইটার বিধ্বস্ত হওয়ার পেছনে যান্ত্রিক ত্রুটিই দায়ী

রাজধানীর উত্তরার ফায়দাবাদে মঙ্গলবার বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পেছনে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার জন্য যান্ত্রিক ত্রুটিকেই দায়ী করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2005, 08:04 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

দুর্ঘটনাস্থলে অবস্থানকারী বিমানবাহিনীর কর্মকর্তারা এ ব্যাপারে কোন মন্তব্য করতে অস্বীকার করলেও দুর্ঘটনার কারন হিসেবে তারা ইঞ্জিনের ত্রুটির ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিমান বাহিনীর একজন কর্মকর্তা বিডিনিউজকে জানান, এ ধরনের প্রশিক্ষণ বিমানে সাধারণত একটি ইঞ্জিন থাকে। আর ইঞ্জিনে কোন ত্রুটি দেখা দিলে একে নামিয়ে আনা সহজ হয় না।

তিনি বলেন, অনেক সময় আকাশে উড়ন্ত অবস্থায় পাখিও সমস্যার সৃষ্টি করে। তবে এই দুর্ঘটনার পেছনে অন্য ধরনের যান্ত্রিক ত্রুটি রয়েছে বলে তিনি জানান।

কর্মকর্তা আরও জানান, “বিমানের ব্লাক বক্স পরীক্ষা না করে কিছুই বলা সম্ভব নয়। বিমানটি যখন প্রায় ২০০০ ফিট উচ্চতায় তখনই তাতে আগুন ধরে যায় এবং বিধ্বস্ত হওয়ার তিন চার মিনিট আগে এর বৈমানিক কন্ট্রোল টাওয়ারে জরুরি উদ্ধার সংকেত (মে ডে) পাঠায়।

অতীতে বিভিন্ন বিমান দুর্ঘটনার পেছনে কি ধরনের যান্ত্রিক ত্রুটি ছিল জানতে চাইলে উক্ত কর্মকর্তা কোন মন্তব্য করতে অস্বীকার করেন। আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের পরিচালক লে. কর্ণেল নজরুল ইসলামও দুর্ঘটনা সম্পর্কে কোন মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি জানান, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ বিমান বাহিনীর বিমান দুর্ঘটনার সংখ্যা কম।