২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরের ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে শিশুসহ নিহত ২, আহত ৪

জেলার ফরিদগঞ্জ উপজেলার গাব্দেরগাঁও গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে রক্তক্ষয়ী এক সংঘর্ষে সোমবার দুপুরে আবদুল জলিল (৬৫) ও রাকিব (৩) নামে এক শিশু নিহত হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2005, 12:30 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

এছাড়া এ ঘটনায় আরও চার জন আহত হয়েছে। এসময় হামলাকারীরা নিহত জলিল ও তার ছেলেদের ঘরসহ মোট পাঁচটি বসতঘরে ব্যাপক লুটপাট চালায়।

সূত্র জানায়, নিহত আবদুল জলিলের (৬৫) সাথে দীর্ঘদিন ধরে পাশের বাড়ির মরহুম ফয়েজ বক্সের ছেলেদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরেই দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ফয়েজ বক্সের ছেলেরা ধারালো অস্ত্র নিয়ে আবদুল জলিল ও তার ছেলেদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে আবদুল জলিল, তার ৩ ছেলে আবিদ আলী (অজ্ঞাত), মুসলিম (২৫) এবং জহিরুল ইসলাম (২০) আহত হয়। তাছাড়া এ ঘটনার ফয়েজ বক্সের ছেলে সামুও (৪০) আহত হয়েছে।

আহতদের আশংকাজনক অবস্থায় ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নিহত জলিলের নাতি গুরুতর আহত রাকিব (৩) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় মারা যায়। রাকিবের পিতার নাম মুসলিম।

ফরিদগঞ্জ থানা পুলিশ উল্লেখিত ঘটনার সাথে জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা যায়।