মেজর জেনারেল মইন উ আহমেদ সেনা প্রধান নিযুক্ত
মেজর জেনারেল মইন উ আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান নিযুক্ত হয়েছেন।
সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে তাকে সেনাবাহিনীর প্রধান নিযুক্ত ও পদোন্নতি দেওয়ার কথা বলা হয়েছে।
তিনি বিদায়ী সেনাপ্রধান লে: জেনারেল হাসান মশহুদ চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন। জেনারেল মশহুদ তিন বছর দায়িত্ব পালন শেষে আগামী ১৫ জুন অবসর গ্রহণ করবেন।
বিদায়ী সেনা প্রধানের ন্যায় জেনারেল মইন পেশাদারিত্ব, চারিত্রিক দৃঢ়তা এবং গুণাবলীতে অভিন্ন বৈশিষ্টের অধিকারী।
তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমীর (বিএমএ) প্রথম ব্যাচের কমিশনপ্রাপ্ত। সেনাপ্রধান পদের দায়িত্ব গ্রহণের পূর্ব পর্যন্ত তিনি চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে কর্মরত রয়েছেন।
আইএসপিআর জানিয়েছে, তার এ নিয়োগ আগামী ১৫ জুন বিকেল থেকে কার্যকর হবে। তাকে ওই দিন থেকেই লেফটেনেন্ট জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
