গর্ভাবস্থায় ব্যায়াম উচ্চ রক্তচাপ কমাতে পারে
গর্ভধারণের বছর খানেক আগে নিয়মিত ব্যায়াম ও শারিরীক পরিশ্রম প্রসুতির বেড়ে যাওয়া উচ্চ রক্তচাপ কমাতে পারে। সুইডিশ মেডিক্যাল সেন্টারের গবেষকরা নতুন এই তথ্য আবিষ্কার করেছেন।
গবেষকরা বলছেন, অল্প বয়সী মায়েরাও ওই নিয়ম অনুসরণ করে ওই সুফল পাবেন।
গবেষণায় দেখা যায়, অধিকাংশ প্রসুতি মায়েরাই উচ্চ রক্তচাপ এবং পায়ের পাতা ফুলে যাওয়া জনিত সমস্যায় ভুগে থাকেন। এটি হচ্ছে প্রাক একলামশিয়া অবস্থা। এটি গর্ভবতী মা ও শিশু দুজনের জন্যই ক্ষতিকর। এ অবস্থায় অনেক সময় প্রসুতিরা পরে বন্ধা হয়ে যেতে পারেন। এমন কি তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে।
এরআগে বিভিন্ন গবেষণায় বলা হয়েছিলো, গর্ভধারণের প্রথম ২০ সপ্তাহের মধ্যে মায়েদের শরীরচর্চা এই ঝুঁকি অনেক কমিয়ে দিতে পারে ঠিকই। কিন্তু গর্ভধারণের আগে ও পরে শরীরচর্চার সুবিধা অসুবিধার বিষয়ে ঠিক সেভাবে গবেষণা করা হয়নি।
সুইডিশ মেডিক্যাল সেন্টারের গবেষকরা এখন ওই গবেষণাটিই করলেন। তারা মোট ৫৮৪ জন প্রসুতির ওপরে এই পরীক্ষা চালান। পরীক্ষায় দেখা গেছে, ১৯৯৮-২০০১ সালে সন্তান প্রসবকালে ২০১ জন রোগী একলামশিয়ার শিকার হলেও নিয়মিত ব্যায়াম, হাঁটা-চলা বা সিঁড়ি ভেঙে ওঠানামা করেছেন, এমন ৩৮৩ জন মায়েরা ছিলেন উচ্চ রক্তচাপ মুক্ত।
এতে প্রমাণিত হয় যে, গর্ভধারণের আগে ও এরপর প্রথম ২০ সপ্তাহে নিয়মিত শরীরচর্চা ও শারিরীক কাজকর্ম উচ্চ রক্তচাপ ঠেকাতে সক্ষম।
গবেষণায় আরো দেখা যায়, যারা নিয়মিত শারিরীক কাজ করেনি, তাদের তুলনায় যারা নিয়মিত ব্যায়াম করেছেন, এমন অল্প বয়সী প্রসুতিদের প্রাক একলামশিয়া হওয়ার সম্ভাবনা ৩৫ ভাগ কম।
অন্যদিকে হালকা পরিশ্রম করেছেন এমন প্রসুতিদের প্রাক একলামশিয়া হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় ২৪ ভাগ কম। প্রচুর পরিশ্রম করেন এমন প্রসুতি মায়েরা উচ্চ রক্তচাপে ভোগার সম্ভাবনা থেকে ৫৪ ভাগ ঝুঁকিমুক্ত থাকেন।
