লালমনিরহাট, পঞ্চগড় ও কুমিল্লা সীমান্তে ফের উত্তেজনা
দেশের লালমনিরহাট, পঞ্চগড় এবং কুমিল্লা সীমান্তে আবারও উত্তেজনা দেখা দিয়েছে।
আমাদের লালমনিরহাট প্রতিনিধি জানান, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী সীমান্তের ৮৯৪ নং মেইন পিলারের কাছে ফুলবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা শুক্রবার ভোরে বাংলাদেশের ৫০ গজ অভ্যন্তরে প্রবেশ করে হাফিজুল ইসলাম (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যা করে। পরে বিএসএফ তার লাশ বাংলাদেশ সীমান্তের ১০ গজ অভ্যন্তরে ফেলে রাখে। রিয়াজ উদ্দিনের ছেলে হাফিজ বোরো ক্ষেতে কাজ করার সময় বিএসএফ তাকে হত্যা করে। ১৯ রাইফেলস ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফট্যানেন্ট কর্নেল সাইফ এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ভারতীয় পক্ষকে চিঠি পাঠিয়েছেন।
আমাদের পঞ্চগড় প্রতিনিধি জানান, শুক্রবার সকালে সশস্ত্র বিএসএফের প্রহরায় ফের পঞ্চগড়ের মাঝিপাড়া সীমান্তে ভারতীয়রা চায়ের চারা রোপন শুরু করলে বিডিআরের বাঁধার মুখে কাজ ফেলে পালিয়ে যায়। এ ঘটনার পর পরই বিএসএফ সৈন্য সংখ্যা বাড়িয়ে দিয়ে সীমান্তে টহল জোরদার করেছে। বিডিআরও টহল জোরদার করে। পঞ্চগড় ২২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল কাজী হালিমুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে।
আমাদের কুমিল্লা প্রতিিিনধি জানান, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম সীমান্তের আন্তর্জাতিক সীমারেখার একশ ২০ গজের মধ্যে গত বৃহস্পতিবার বিএসএফ এর সহায়তায় ভারতীয়রা রাস্তা নির্মানের চেষ্টা করলে বিডিআর’র বাধার মুখে ব্যর্থ হয়ে যায়। এঘটনার পর উভয় সীমান্ত রক্ষী বাহিনী জিরো পয়েন্টে লাল পতাকা উত্তোলন করলে সীমান্তে উত্তেজনা দেখা দেয়।
শুক্রবার সকালে বিডিআর ও বিএসএফ এর কোম্পানী কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের পর পরিস্থিতি শান্ত হয়।
