২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ে আরো ২৮ হাজার বাঙালি পরিবার সরকারি অভিবাসনের অপেক্ষায়

পাহাড়ে সরকার আরো ২৮ হাজার বাঙালি অভিবাসী (সেটেলার) পরিবারকে রেশনসহ পুনর্বাসন দিতে যাচ্ছে। সরকারি সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রস্তাবনা চুড়ান্ত করার উদ্যোগ নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিপ্লব রহমান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

তবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান বিডিনিউজের কাছে এ বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য ও জনসংহতি সমিতির শীর্ষ স্থানীয় নেতা রূপায়ন দেওয়ান ওই খবরে উদ্বেগ প্রকাশ করে বিডিনিউজকে বলেন, সরকারের এই সিদ্ধান্ত পাহাড়ে রাজনৈতিক জটিলতা বাড়াবে।

অনুসন্ধানে জানা যায়, সরকারি উদ্যোগে রেশনপ্রাপ্ত হয়ে প্রায় তিন দশক ধরে পাহাড়ে ২৬ হাজার অভিবাসী পরিবার বসবাস করছে। সরকারের পক্ষ থেকে এসব সেটেলারদের পরিবারপ্রতি সপ্তাহে ২১ কেজি চাল রেশন হিসেবে দেওয়া হয়।

১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য শান্তিচুক্তি এবং এ সংক্রান্ত আইনে পার্বত্য চট্টগ্রামকে ‘উপজাতীয় অধ্যুষিত অঞ্চল’ বলা হলেও আদিবাসীরা অভিযোগ করছে চুক্তির পর বেসরকারি উদ্যোগে এরই মধ্যে কয়েক লাখ বাঙালি সেখানে বসতি স্থাপন করেছে। পাহাড়ি-বাঙালি জনসংখ্যার ভারসাম্য নষ্ট হয়ে বাঙালি বসতিস্থাপনকারীরাই এখন সেখানে সংখ্যাগুরুতে পরিনত হয়েছে বলে পাহাড়ি নেতাদের অভিযোগ।

সরকারি সূত্র জানায়, নতুন করে বসতিস্থাপনকারীদের মধ্যে ২৮ হাজার অভিবাসী

পরিবারকে এখন সরকার রেশনভূক্ত করার উদ্যোগ নিয়েছে। এদের মধ্যে পার্বত্য জেলা রাঙামাটির দূর্গম সাজেক ভ্যালিতে ১০ হাজার পরিবার রয়েছে।

পাহাড়ি নেতারা বরবরই সেটেলারদের পাহাড়ের বাইরে সম্মানজনক পুনর্বাসনের দাবি জানিয়ে আসছেন। এ জন্য ইউরোপিয়ান কমিশন নিজস্ব অর্থায়নে একটি প্রকল্প প্রস্তাবনা বেশ কয়েক বছর আগে সরকারের কাছে পাঠালেও বিগত আওয়ামী লীগ ও বর্তমান জোট সরকার এতে সাড়া দেয়নি।

বাংলাদেশ দক্ষিণ-পূর্বাঞ্চলে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান-এই তিন পার্বত্য জেলা নিয়ে গঠিত পার্বত্য চট্টগ্রামের আয়তন প্রায় পাঁচ হাজার ৯৩ বর্গমাইল। পাহাড়ি-বাঙালিসহ এখন পাহাড়ের লোকসংখ্যা প্রায় ১৫ লাখ।