২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে তাপমাত্রার সকল রেকর্ড ভঙ্গ, গরমে বিভিন্ন জেলায় ৬ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার দেশের তাপমাত্রার তীব্রতার সকল রেকর্ড ভঙ্গ হয়েছে। এছাড়া রাজশাহী, পাবনা ও ঈশ্বরদীতে বৃহস্পতিবার ভঙ্গ হয় তাপমাত্রার স্থানীয় রেকর্ড।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2005, 07:07 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

এ সময়ে ‘হিটস্ট্রোকে’ ৬ জনের মৃত্যু ঘটেছে। প্রচণ্ড গরমে জনজীবনে সৃষ্টি হয়েছে অচলাবস্থার।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের তাপমাত্রা দশমিক ৪০ ডিগ্রি বৃদ্ধি পেয়ে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হয়েছে। বুধবার চাঁপাইনবাবগঞ্জে তাপমাত্রা ছিল দেশের সর্বোচ্চ, পরিমাণ ছিল ৪৪ দশমিক ৬০ ডিগ্রি। আঞ্চলিক উদ্যানতত্ত্ব কেন্দ্রের অত্যাধুনিক থারমোমিটারে রেকর্ডকৃত বৃহস্পতিবারের তাপমাত্রা দেশীয় নতুন সর্বোচ্চ রেকর্ড।

কেন্দ্রের প্রধান ড. একেএম আনোয়ার হাবিব বিডিনিউজকে জানান, তাদের রেকর্ডমান নির্ভরযোগ্য।

প্রচন্ড গরমে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের জনজীবন স্থবির হয়ে পড়েছিল। পথঘাট ছিল প্রায় জনশূন্য। আগুনের হলকার মতো তাপদাহ থেকে বাচঁতে মানুষ আশ্রয় নিয়েছিল ঘরের মধ্যে।

প্রচন্ড গরমে হিটস্ট্রোক, ডায়রিয়া ও অ্যাজমা রোগ বৃদ্ধি পেয়েছে। ২৪ ঘন্টায় হিটস্ট্রোকসহ উল্লেখিত রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ২০ জন। ডায়রিয়ায় মারা গেছে ৩ জন।

পাবনা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার ঈশ্বরদী ও পাবনার আশেপাশে সকালে তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বিশেষজ্ঞরা জানান, গরমের তীব্রতা আরও বাড়তে পারে। তীব্র দাবদাহে গত ২৪ ঘন্টায় পাবনায় পাঁচ জন মারা গেছে। পাশাপাশি শিশু ও বৃদ্ধাসহ পাঁচশতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছে।

ঈশ্বরদী আবহাওয়া সূত্রে জানা যায়, পাবনাসহ উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে প্রচণ্ড দাবদাহ বয়ে যাচ্ছে। গরমের তীব্রতার পাশাপাশি দেখা দিয়েছে পানি সংকট।

প্রচণ্ড গরমে গত ২৪ ঘন্টায় নিহতরা হলেন-পাবনার সদর উপজেলার মাহমুদপুর গামের রমেছা বেওয়া (৭৩), রানীনগর গ্রামের তফাই মণ্ডল (৬৮), ইশ্বরদী উপজেলার পাকশী রেলওয়ে কর্মচারী দুলাল (৫২), কাচারী পাড়ার নবিজান খাতুন (৬৫) ও লক্ষিকুণ্ডা কামালপুর গ্রামের ইয়াদ আলী (৫৮)।

এ ব্যাপারে চিকিৎসকদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, প্রচণ্ড গরমের কারণে হিটস্ট্রোকে মৃত্যুবরণ করেন তারা। অসুস্থদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি জানান, রাজশাহীতে তাপমাত্রা গত ১০ বছরের রেকর্ড ভঙ্গ করেছে। বৃহস্পতিবার দুপুর তিনটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে অচিরেই রাজশাহীতে আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। প্রচণ্ড গরমে ৪ দিনে অসুস্থ হয়ে শতাধিক রোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। অসুস্থদের মধ্যে শিশু ও বৃদ্ধদের সংখ্যাই বেশি। প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে।

এর আগে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ২০০৪ সালে এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

ময়মনসিংহ প্রতিনিধি জানান, প্রচণ্ড গরমে বৃহস্পতিবার শহরের রেলওয়ে স্টেশন সামনে ইবির হোসেন ইব্রাহীম (৩০) নামে এক রিক্সা চালকের মৃত্যু ঘটেছে।

বিকাল সাড়ে ৪ টার দিকে ইব্রাহীম স্টেশন এলাকায় গরমের জ্বালা সহ্য করতে না পেরে শুয়ে পড়ে। পরে খিচুনি দেখা দেয় এবং কিছুক্ষনের মধ্যেই তার মৃত্যু ঘটে।