২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের বেহাল অবস্থা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) চিকিৎসা কেন্দ্রের জীর্নদশা আজও ঘোচেনি। নির্মিত হয়নি একটি পূর্নাঙ্গ চিকিৎসা কেন্দ্র। অযত্ন , অবহেলা ও নানা সমস্যায় জর্জরিত হয়ে আছে চিকিৎসা কেন্দ্রটি। প্রায় পনের হাজার ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিদের চিকিৎসায় নিয়োজিত জাবির এক মাত্র চিকিৎসা কেন্দ্রটির নিজেরই এখন শুশ্রুষা প্রয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2005, 03:01 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

সূত্র জানায়, ১৯৭১ সালে আবাসিক বিশ্ববিদ্যালয় হিসাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রটি প্রথম শুরু হয় আল বেরুনী হলের সিঁড়ির নিচে। এরপর এটি স্থানান্তরিত হয় আল বেরুনী হলের পাশে ঠিকাদারদের থাকার জন্য নির্মিত একটি রুমে । এক পর্যায়ে এর সাথে আরো তিন-চারটি রুম নির্মাণ করে চিকিৎসা কার্যক্রম চলতে থাকে।

এরপর অনেক বছর চলে গেছে । ছাত্রছাত্রীদের নতুন নতুন আবাসিক হল নির্মিত হয়েছে। শিক্ষক-কর্মচারিদের বাসভবন নির্মিত হয়েছে । প্রতিবছর বিশ্ববিদ্যলয় মঞ্জুরি কমিশনের বরাদ্দ বেড়েছে। শুধু শ্রীবৃদ্ধি ঘটেনি চিকিৎসা কেন্দ্রটির। আবাসিক এই বিশ্ববিদ্যালয়ে বসবাস করছে প্রায় পনের হাজার ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারি । এদের চিকিৎসার জন্য রয়েছে মাত্র এগার জন চিকিৎসক। নেই কোন নার্স । মারাত্মক আহতদের প্রাথমিক চিকিৎসারও কোন সুব্যবস্থা নেই। মুমূর্ষ রোগী পরিবহনের জন্য দুটি অ্যাম্বুলেন্স থাকলেও চালক রয়েছে একজন। চিকিৎসা কেন্দ্রের বেড বলতে একটি টেবিল ও দু’টি তক্তা। প্যাথলজি বিভাগ বলতে বিকল ও পুরাতন যন্ত্রপাতির একটি স্টোর রুম মাত্র। প্যাথলজি বিভাগে গেলে দেখা যায় দীর্ঘ দিনের পুরনো একটি ক্লোরোমিটার, একটি বাইনোকুলার মাইক্রোস্কোপ, একটি থার্মোস্টেটিং ওয়াটার মেশিন ও দুটি সেন্ট্রিফিউজ মেশিন অব্যবহৃতভাবে পড়ে আছে।

রি-এজেন্ট নির্দিষ্ট তাপমাত্রায় রাখার জন্য কোন শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই । ফলে এসব কেমিক্যালসের টেস্ট-রিডিং প্রায়ই ভুল আসে বলে সূত্র জানায় ।

ফলে চিকিৎসকদের অবহেলা, অপর্যাপ্ত ঔষধপত্র ও চিকিৎসা সরঞ্জামাদির অভাবসহ নানা সম্যায় জর্জরিত চিকিৎসা কেন্দ্রটি ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিদের চিকিৎসা সেবা দিতে ব্যর্থ হচ্ছে। এ নিয়ে ছাত্রছাত্রীরা নানা অভিযোগ করে বলেন, চিকিৎসকদের কাছে গেলে কথা বলার আগে প্রেসক্রিপশন লিখে দেন। প্যারাসিটামল ও অ্যান্টাসিড ছাড়া মেডিকেল সেন্টারে অন্য কিছু জুটে না।

প্রধান মেডিকেল অফিসার ডাঃ এ টি এম আঃ হান্নান বলেন, চিকিৎসা কেন্দ্রের ঔষধসহ যাবতীয় সরঞ্জাম ক্রয় ও খরচ বাবদ বছরে ১১ লাখ টাকা বরাদ্দ রয়েছে। আবাসিক বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫ হাজার বাসিন্দার জন্য এই বরাদ্দ নিতান্ত অপ্রতুল বলে তিনি জানান।

এদিকে মেডিকেল সেন্টারে নিন্মমানের ঔষধ সরবরাহ ও সংকটের জন্য এক শ্রেণীর কর্মচারি ও ডাক্তার জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এ অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন প্রধান মেডিকেল অফিসার ডা: এ টি এম আ: হান্নান।