মে মাসে দেশে খুন হয়েছে ৩২০ জন
গত মে মাসে সারা দেশে খুন হয়েছে ৩২০ জন। এর মধ্যে র্যাবের ক্রসফায়ারে ২৫ জন এবং পুলিশের ক্রসফায়ারে ২৯ জন নিহত হয়। সড়ক দুঘর্টনায় ২৯৩ জন এবং বোমা বিস্ফোরণে ৪ জন নিহত হয়। লঞ্চডুবিতে মৃত্যু ঘটে ৫১৯ জনের।
এছাড়া গত মাসে র্যাবের হাতে আটক হয়েছে ৪০ জন। হটলাইন হিউম্যান রাইটস্ বাংলাদেশ-এর এক রিপোর্টে এ তথ্য পাওয়া গেছে।
প্রাপ্ত সমীক্ষায় দেখা গেছে, মে মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে ৪১টি। ধর্ষনের শিকার শিশুর সংখ্যা ১০। ধর্ষণের পর খুন করা হয় ১৭ জনকে।
ফাঁসির আদেশ হয়েছে ২৬ টি। ডাকাতির ঘটনা ঘটে ৬৫টি। ছিনতাইয়ের ঘটনা ঘটে ১২টি। যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয় ১১৮ জনকে।
এসিড নিক্ষেপের শিকার হয়েছে ১৩ জন। যৌতুকের কারণে খুন করা হয়েছে ৭ জনকে। পারিবারিক কারণে স্বামীর হাতে নিহতের সংখ্যা ২৩ জন।
১ জন গৃহপরিচারিকা খুন হলেও নির্যাতনের শিকার হয়েছে ৪ জন। ধর্ষণের লজ্জা, অপমান, ফতোয়া ইত্যাদি কারণে আত্মহত্যা করেছে ২৫ জন। ১৫ জনকে অপহরণ ও অপহরণের পর খুন করা হয়েছে ১ জনকে। গণপিটুনিতে নিহতের সংখ্যা ৯।
রিপোর্টে উল্লেখ করা হয় যে, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অত্যাচার, নির্যাতন, দখল, জঙ্গীবাদী তৎপরতা , ঘুষ-দুর্নীতি, পুলিশী হয়রানি, মিথ্যা মামলা, টেন্ডারবাজি, বিরোধী দলের ওপর সরকারের প্রতিহিংসামূলক মনোভাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রীদের ওপর ছাত্রদল-পুলিশের যৌথ নগ্ন হামলা ও মৌলবাদী তৎপরতা প্রতিদিন বেড়েই চলেছে ।
