জর্ডান থেকে দেশে ফিরেছে নিঃস্ব ১৫ বাংলাদেশী
ট্রাভেল এজেন্সির প্রতারণার শিকার ১৫ বাংলাদেশী নাগরিক জর্ডানে অসহনীয় দুর্ভোগ শেষে বুধবার দেশে ফিরেছে।
জর্ডান থেকে ফিরে আসা ১১৫ শ্রমিকের মধ্যে এরা অন্যতম। এর আগে অবশ্য অনেকেই দেশে ফিরে এসেছে।
তাদের একমাত্র সান্ত¡না সরকার ওইসব ট্রাভেল এজেন্সির লাইসেন্স বাতিল করেছে। গত ১১ মে এসব ট্রাভেল এজেন্সির লাইসেন্স বাতিলের পর থেকে মালিকরা পলাতক রয়েছে।
বুধবার যারা দেশে ফিরলেন তারা হলেন, ফরিদপুরের মোশাররফ হোসেন, কুমিল্লার সাইফুল ইসলাম, মোহাম্মদ ফারুক, আব্দুর রহমান, ফিরোজ আলম, তারা মিয়া ও গোলাম সারোয়ার, সাতক্ষীরার আব্দুর রাজ্জাক, গোপালগঞ্জের বোরহান, রাজশাহীর হাবিব, মুন্সিগঞ্জের সারাজাহান, চাঁদপুরের সুজন আচার্য, টাঙ্গাইলের শাহ আলম ও গাজীপুরের ইমাম হোসেন।
গালফ এয়ারের একটি ফ্লাইটে রাত সাড়ে ৮টায় তারা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। তারা সাংবাদিকদের কাছে তাদের ভোগান্তির কথা তুলে ধরেন।
ফিরে আসা একজন বলেন, নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা ভিসা ও ওয়ার্ক পারমিটের জন্য ‘গোল্ডেন ভিউ ইন্টারন্যাশনাল’কে প্রত্যেকে এক লাখ ৭০ হাজার থেকে এক লাখ ৮০ হাজার টাকা দেই। গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে আমরা ঢাকা থেকে জর্ডানের উদ্দেশ্যে যাত্রা করি।
তারা অভিযোগ করে জানান, থাকা খাওয়াসহ ভাল বেতন দেওয়া হবে বলে তাদের বলা হয়েছিল। কিন্তু তাদের খুব কম সংখ্যক লোককেই চাকরি দেওয়া হয়।
এসময় তারা জর্ডানে তাদের থাকা ও খাওয়াসহ বিভিন্ন কষ্টের কথা তুলে ধরেন। ভাগ্য বিড়ম্বিত এসব বাংলাদেশীদের খুবই কম খাবার দেওয়া হতো। এছাড়া ছোট একটি রুমে ১০ থেকে ১২ জনকে থাকতে হতো।
গোল্ডেন ভিউ ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি শ্রমিকদের দেশে ফিরে আসার কথা স্বীকার করেন। তবে তিনি জানান, জর্ডানের কোম্পানি আল সাহেদ তাদের নিয়োগ দেয়নি। এ ব্যাপারে তাদের এজেন্সিকে দোষারোপ করা ঠিক হবে না।
তিনি বিডিনিউজকে বলেন, আমরা প্রতারণার শিকার এসব শ্রমিকদের ক্ষতিপূরণ এবং ফিরে আসার টাকা দিয়েছি।
রফিকুল ইসলাম বলেন, সরকার যদি আমাদের নতুন করে লাইসেন্স দেয় তবে আমরা নিজেদের খরচে তাদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করব।
