২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ থেকে ডিজেল পাচারের কারণে পশ্চিম বঙ্গে খুচরা বিক্রি হ্রাস, বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত সরকার

পশ্চিম বঙ্গের বেসরকারি তেল কোম্পানিগুলো জানিয়েছে, জ্বালানি তেল পাচারের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের অভিযান সত্ত্বেও প্রচুর পরিমাণ ডিজেল অবৈধভাবে ভারতে প্রবেশ করায় সীমান্ত এলাকায় জ্বালানি তেলের খুচরা বিক্রি হ্রাস পেয়েছে এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2005, 07:32 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

বেসরকারি তেল কোম্পানিগুলোর রাজ্য পর্যায়ের সমন্বয়কারী এবং ইন্ডিয়ান অয়েল করপোরেশনের (আইওসি) মহাপরিচালক গৌতম দত্ত বলেন, এ ব্যাপারে আমরা উদ্বিগ্ন। সীমান্তের জেলাগুলোতে এ কারণে আমাদের বিক্রি কমে গেছে। আমাদের বিক্রির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ছে।

তিনি বলেন, অবৈধ তেল প্রবেশের কারণে সীমান্তের প্রায় সবগুলো জেলাতেই ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে মালদহ, নদীয়া, মুর্র্শিদাবাদ এবং চব্বিশ পরগণা জেলায় এর প্রভাব পড়েছে বেশি।

গৌতম দত্তের উদ্ধৃতি দিয়ে ভারতীয় বার্তাসংস্থাগুলো জানায়, পাঁচ লিটার এবং ১০ লিটারের কন্টেইনার বা জেরিক্যানে করে ডিজেল আনা হচ্ছে। আরও কোনও উপায়ে পাচার করা হতে পারে কিন্তু আমরা তা সনাক্ত করতে পারিনি।

পশ্চিমবঙ্গ পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশনের (ডব্লিউবিপিডিএ) হিসাব অনুযায়ী, বাংলাদেশ থেকে প্রতিদিন প্রায় ৪০ হাজার লিটার পেট্রোলজাত দ্রব্য (বিশেষ করে ডিজেল) সীমান্তের জেলাগুলোতে পাচার হয়ে আসে।

ডব্লিউবিপিডিএ’র নির্বাহী সভাপতি তুষার সেন বলেন, শুধু নদীয়া জেলারই আট-দশটি পয়েন্ট দিয়ে ডিজেল পাচার হয়ে আসছে। সীমান্তের অন্য জেলাগুলোকে হিসাবে নিলে দেখা যাবে সে জেলাগুলোতেও একাধিক প্রবেশ পথ রয়েছে। আর এসব কি বিএসএফ’র অজ্ঞাতে ঘটা সম্ভব? প্রশ্ন করেন তিনি।

জানা গেছে, দু’দেশের মধ্যে মূল্যের পার্থক্যের কারণে এ ধরণের অবৈধ পাচার অব্যাহত আছে। পশ্চিমবঙ্গে প্রতি লিটার ডিজেলের মূল্য প্রায় ১২ রুপি। আইওসি’র গৌদম দত্ত এ ব্যাপারে বলেন, এতে করে বেসরকারি কোম্পানিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারও বিপুল পরিমাণের রাজস্ব বঞ্চিত হচ্ছে।

গৌতম দত্ত অবৈধভাবে আসা ডিজেলে ভেজাল থাকার বিষয়টি উল্লেখ করে বলেন, অবৈধ ডিজেলের ব্যাবহার বেড়ে যাওয়ায় ১ এপ্রিল থেকে কলকাতা ও সংলগ্ন জেলাগুলোতে ইউরো-৩ এবং অন্যান্য জেলায় ভারত-২ মান বাস্তবায়নে সরকারের সিদ্ধান্ত বাধাগ্রস্ত হচ্ছে।

ডিজেলের মূল্য সম্প্রতি ২৩ টাকা লিটার থেকে ২৬ টাকা লিটারে উন্নীত হওয়ায় বাংলাদেশ সরকার দেশের বাইরে পেট্রোলিয়াম-জাত দ্রব্য পাচার বন্ধ করতে একটি অভিযান চালায়। মঙ্গলবার যশোর সীমান্তের কয়েকটি এলাকা থেকে প্রায় চার হাজার লিটার জ্বালানি তেল আটক করে।