কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে খাদ্য ব্যবসায়ীরা
সরকারের বৈষম্যমূলক ভ্যাট নীতি ও অন্যান্য নীতির প্রতিবাদে আন্দোলনে যাচ্ছে বাংলাদেশ সম্মিলিত খাদ্য ব্যবসায়ী সমিতি।
এই আন্দোলনে প্রাথমিক পদক্ষেপগুলো শেষ হওয়ার পর থাকছে ৭২ ঘন্টার অবিরাম ধর্মঘট। এরপর সমিতি টানা ধর্মঘট চালিয়ে যাবে।
সরকার আরোপিত ‘বৈষম্যমূলক’ ভ্যাট নীতির প্রতিবাদে ভবিষ্যতে এর চেয়েও কঠোর আন্দোলন কর্মসূচি নেওয়া হবে। জানিয়েছেন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। আগামী ২ জুন সম্মিলিত খাদ্য ব্যবসায়ী সমিতি জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। উক্ত সংবাদ সম্মেলন থেকে আনুষ্ঠানিকভাবে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
বর্তমানে সমিতির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন আলহাজ্ব রুহুল আমিন। আর যুগ্ম আহবায়করা হলেন জালালউদ্দিন, মো: জাহাঙ্গীর, শ্রী স্বপন কুমার ও শাকিল চৌধুরী। আর সমিতির প্রদান উপদেষ্টা হলেন কামারউদ্দিন চৌধুরী খোকন।
পাঁচটি খাদ্য ব্যবসায়ী সংগঠনের সমন্বয়ে গড়া এই পরিষদের নেতৃবৃন্দ বিডিনিউজকে জানান, সরকার অন্যান্য খাতে বিশেষ করে সৌখিন পণ্যদ্রব্যের ক্ষেত্রে ‘যৌক্তিক’ ভ্যাট আরোপ করলেও খাদ্য দ্রব্যের মতো অপরিহার্য পণ্যের ক্ষেত্রে আরোপ করেছে ১৫% ভ্যাট।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, রাজস্ব কর্মকর্তারা মোট বিক্রয়ের উপর ১৫ শতাংশ হারে ভ্যাট আদায় করার ফলে এক দিকে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। অন্যদিকে ক্রেতারাও প্রতারিত হচ্ছে। পণ্যেও দাম বেড়ে যাওয়ায় অতিরিক্ত ভ্যাটের বোঝা ক্রেতাদেরই বহন করতে হচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, ভ্যাট কর্মকর্তারা আমাদের বলেন প্রয়োজনে খাদ্য দ্রব্যের দাম বাড়িয়ে দিন। তবু ১৫% ভ্যাট দিতেই হবে।
তারা বলেন, সৌখিন দ্রব্য বিশেষ করে স্বর্ণের উপর সরকার ১.৫ শতাংশ হারে ভ্যাট আদায় করলেও খাদ্য দ্রব্যেও উপর আদায় করছে ১৫%।
পার্শ্ববর্তী দেশ ভারতের উদাহরণ টেনে নেতৃবৃন্দ বলেন, সেখানে এই খাত থেকে মাত্র ৪ শতাংশ ভ্যাট আদায় করা হচ্ছে। আর সিঙ্গাপুরে আদায় করা হচ্ছে ৫%। অথচ আমাদের দেশে এর তিনগুন আদায় হচ্ছে।
“এটা সরকারের অন্যায্য আচরণ,” তারা ক্ষোভের সাথে বলেন।
সরকারের এই ভ্যাট নীতিকে ‘অন্যায্য ও অযৌক্তিক’ আখ্যায়িত করে নেতৃবৃন্দ বলেন, আমরা ভ্যাট এর বিরোধী নই। কিন্তু তা হতে হবে অবৈষ্যমূলক।
বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি, ব্রেড-বিস্কুট এন্ড কনফেকশনারী মালিক সমিতি, মিষ্টান্ন মালিক সমিতি, চাইনিজ রেস্তোরা মালিক সমিতি এবং ফাস্ট ফুড এন্টারপ্রেনারস এসোসিয়েশন এর সমন্বয়ে গঠন করা হয়েছে সম্মিলিত খাদ্য ব্যবসায়ী পরিষদ।
পরিষদের আহবায়ক আলহাজ্ব রুহুল আমিন বলেন, সরকার যদি আমাদের দাবি না মানে আমরা লাগাতার ৭২ঘন্টা ধর্মঘট পালন করবো। বন্ধ করে দিবো খাবারের সব সরবরাহ। ফুটপাতের দোকানেও কোন খাবার পাওয়া যাবে না।
“প্রয়োজনে আমরা দেশের হাসপাতালগুলোতেও খাবার সরবরাহ বন্ধ করে দিবো,” রুহুল আমিন বলেন।
পরিষদের যুগ্ম আহবায়ক জালালউদ্দিন বলেন, আমরা নিয়মের মধ্যে ভ্যাট দিতে চাই। ভ্যাট কর্মকর্তাদের হাতে অত্যাচারিত হতে চাই না।
তারা বলেন, আমরা ভ্যাট এর বিরোধী নই। তবে মোট বিক্রিও উপর না, লাভের উপর ভ্যাট দিতে চাই।
নেতৃবৃন্দ বলেন, ফ্যাক্টরী থেকে যে পণ্য বিক্রির উদ্দেশ্যে বাজারে ছাড়া হয়, বিক্রি হোক বা না হোক তার উপরও সরকার ভ্যাট আদায় করে। এটা অন্যায্য। এভাবে গলা চেপে ধরলে আমরা কিভাবে ব্যবসা করবো।
তারা বলেন, অনেক পণ্য অনেক সময় পঁচে যায়। অনেক ক্রেতা বাকিতে পণ্য নিয়ে টাকা পরিশোধ করে না। তার উপরও আমাদের ভ্যাট দিতে হয়। তারা এই নিয়মের প্রতিবাদ করেন।
নেতৃবৃন্দ দাবি করেন, দেশব্যাপী এই পরিষদের সদস্য সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে শুধুমাত্র রেস্তোরার সংখ্যাই দেশব্যাপী ২৫ হাজারের বেশি। ঢাকায় এর সংখ্যা ৪ হাজার। প্রতি রেস্তোরায় ৩০ জন করে কাজ করে বলে নেতৃবৃন্দ জানান।
নেতৃবৃন্দ বলেন, কমপক্ষে ১ কোটি লোক খাদ্য দ্রব্য ব্যবসায়ের সাথে সরাসরি জড়িত।
পরিষদের সভাপতি বলেন, এই সেক্টর থেকে লোকজন দক্ষ হয়ে বিদেশে কাজ করতে যায়। আয় করে বৈদেশিক মুদ্রা। অথচ আমরা সরকারের পক্ষ থেকে কোন ইনসেনটিভতো পাই-ই না, উপরন্ত ভ্যাট কর্মকর্তাদের অত্যাচারে অতিষ্ট হয়ে আছি।
পরিষদের প্রধান উপদেষ্টা কামারুদ্দিন আহমেদ খোকন বলেন, সরকার এই সেক্টর থেকে এতো বেশি ভ্যাট আদায় করছে। অথচ এই সেক্টরে সবচেয়ে বেশি চাঁদাবাজি হলেও তা প্রতিরোধ করতে পারছে না।
“আমরা সরকারের কাছ থেকে কোন ক্যাশ ইনসেনটিভ চাই না। গ্যাস, বিদ্যুৎ এবং পানির সুবিধা চাই। আমরা চাই সরকার একে শিল্প হিসেবে ঘোষণা দেক,” কামারুদ্দিন বলেন।
তিনি বলেন, দেশে টুরিজম উন্নত করতে হলেও এই শিল্পকে অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ সুবিধা প্রদান করতে হবে।
উল্লেখ্য ভ্যাট আদায় সংক্রান্ত ঘটনায় একজন সহকারী কমিশনারও যে কোন সময় যেকোন খাদ্য ব্যবসায়ীকে গ্রেপ্তার করার ক্ষমতা রাখেন। আর সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত জরিমানা আদায়ের বিধানও রাখা হয়েছে এই নীতিমালায়। ব্যবসায়ীরা এই বিধানের তীব্র সমালোচনা করেন।
তারা বলেন, সরকার প্রতিবছর বাংলাদেশ বিমান, রেলওয়ে এবং পর্যটন শিল্পে ক্ষতির সম্মুখীন হচ্ছে। অথচ খাদ্য ব্যবসায়ে দৈনিক প্রায় ১ কোটি বেশি লোকেরও সরাসরি জড়িত থাকলেও এই শিল্পের গলা চেপে ধরছে। আমরা এর প্রতিকার চাই।
নেতৃবৃন্দ ভ্যাট আদায়ের নিয়মকেও জটিল প্রক্রিয়া বলে অভিহিত করেন। তারা বলেন, ভ্যাট আদায়ের সময় একজন ক্রেতার নাম ঠিকানা ছাড়াও তিটি কোথায় যাবেন এ বিষয়ও ক্রেতাকে বলতে হয়। এটা ক্রেতার জন্য বিব্রতকর।
তারা বলেন, একজন ক্রেতা যদি ২ টাকার চা খায়, নিয়ম অনুযায়ী তাকে ১৫% ভ্যাট দিতে হবে। পক্ষান্তরে রেস্তোরা মালিক তাকে ৭০ পয়সার মূল্যমানের একটি ভ্যাট চালান দিবেন। এটা কেমন নিয়ম।
তারা বলেন, আমরা অর্থমন্ত্রীর সাথে এ বিষয়ে আলোচনায় বসতে চাই। তাকে এ বিষয়ে আমরা বলবো। তিনি যদি আমাদের কথা গুরুত্বের সাথে বিবেচনা না করেন তাহলে আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনে যাবো। আর এই আন্দোলন কঠোর থেকে কঠোরতর হবে। তবে আমাদের এই আন্দোলনে আমরা কোন রাজনৈতিক দলের সাহায্য নিবো না।
